যে কারণে পরীমনিকে দেখতে যাননি জায়েদ-মিশা
জেলখানার লাল দেয়ালের ঘেরাটোপে ২৬টি দিন কাটিয়ে অবশেষে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিলেন ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা পরীমনি। বুধবার সকালে কারামুক্ত হন এ নায়িকা।
সকাল সাড়ে ৯টায় গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে শুভ্রবসনে হাস্যজ্জ্বল ভঙ্গিতে বেরিয়ে আসেন অভিনেত্রী।
বুধবার পরীমনিকে একনজর দেখতে কারাফটকে লেগেছিল উৎসুক জনতার ভিড়।
সংবাদ কভার করতে মিডিয়াকর্মীদেরও দেখা গেছে। উৎসুক জনতার ভিড় লেগেছিল পরীমনির বনানীর বাসার নিচেও।
তবে এসব ভিড়ের মাঝে দেখা যায়নি চলচ্চিত্র শিল্পীদের ‘কল্যাণে’ কাজ করা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কাউকেই।
দেখা মেলেনি সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান কারো।
ছাড়া পাওয়ার পর বেলা ১টার দিকে বনানীর বাসায় পৌঁছান নায়িকা পরীমনি।
২৬ দিনের কারাভোগীকে দেখতে তার বাসায়ও আসেননি মিশা ও জায়েদ।
পরীমনিকে দেখতে না যাওয়ার বিষয়ে জায়েদ খান ব্যক্তিগত কারণ দেখিয়েছেন।
তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘আমার মা হাসপাতালে ভর্তি, তাই ইচ্ছা থাকলেও যেতে পারিনি। সভাপতি মিশা ভাই শুটিং করছেন ঢাকার বাইরে।
তবে পরীমনি কারাগার থেকে মুক্তি পাওয়ায় একজন শিল্পী হিসেবে আমি স্বস্তি প্রকাশ করছি।’
প্রসঙ্গত, গত ৪ আগস্ট রাতে রাজধানীর বনানীর বাসায় প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে পরীমণি ও তার সহযোগীকে আটক করে র্যাব।
তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়।
আটকের পর তাদের নেওয়া হয় র্যাব সদর দফতরে। পরে র্যাব-১ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে পরীমনি বিরুদ্ধে মামলা করে।
