মাদকের পরিমাণে অসঙ্গতি, দুই পুলিশ কর্মকর্তাকে তলব
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা এক মামলায় মাদকের পরিমাণ নিয়ে অসংগতি থাকায় দুই পুলিশ কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট।
আগামী আগামী ২৩শে আগস্ট তাদেরকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
মাদক মামলায় শাহিন নামে এক ব্যক্তির জামিন শুনানিতে নথিতে মাদকের পরিমাণের বিষয়টি সামনে এলে বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারোওয়ার কাজলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
দুই কর্মকর্তা হলেন আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক মো. মিরাজ হোসেন (বর্তমানে শরীয়তপুরের শখিপুর থানায় কর্মরত) এবং মামলার তদন্ত কর্মকর্তা কায়সার হামিদ।
আদালতে আসামিপক্ষের আইনজীবী ছিলেন মো. মতিউর রহমান, রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান জানান, মামলার কেমিক্যাল রিপোর্টে দেখা যায়, ৭১.২৫ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। অথচ চার্জশিট, এফআইআর এবং জব্দ তালিকায় উল্লেখ করা হয়েছে মাত্র ১০ গ্রাম। বিষয়টি দেখে আদালতের খটকা লাগে। তখন আদালত এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৮ জুলাই শাহিন নামের একজনের কাছ থেকে ৭১.২৫ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় সাভারের আশুলিয়া থানায় মামলা হয়। ওই মামলায় আসামি শাহিন জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন।
ওই আবেদনের শুনানির সময় আদালত মামলার নথি পর্যালোচনা করে দেখেন, আসামির কাছ থেকে হেরোইন উদ্ধার হয়েছে ৭১.২৫ গ্রাম।
কিন্তু চার্জশিটে উল্লেখ করা হয়েছে ১০ গ্রাম। বিষয়টি দেখে আদালত মিথ্যা তথ্য দেওয়ায় মামলার বাদী ও তদন্তকারী কর্মকর্তাকে তলব করেন আদালত।
