আমেরিকায় নতুন ভাইরাসের হানা
করোনাভাইরাস (কোভিড-১৯) এর হানায় প্রায় বিধ্বস্ত আমেরিকায় প্রায় দু’দশক পর আরও একটি ভাইরাসের সংক্রমণ। সেই ভাইরাসের নাম ‘মাঙ্কিপক্স’। এই ভাইরাস এসেছে বাঁদর থেকে।
শুক্রবার (১৬ জুলাই) আমেরিকার সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানায়, সংক্রমণের ঘটনাটি ঘটেছে টেক্সাসে। সেখানকার এক জন দিন কয়েক আগে গিয়েছিলেন নাইজিরিয়ায়। দেশে ফেরার জন্য তিনি নাইজিরিয়ার লাগোস থেকে বিমানে চড়ে গত ৮ জুলাই যান আটলান্টায়। তারপর ৯ জুলাই আটলান্টা থেকে আর একটি বিমানে তিনি টেক্সাসের ডালাসে আসেন তার বাড়িতে ফিরে আসার জন্য। ওই ব্যক্তিই আক্রান্ত হয়েছেন মাঙ্কিপক্সে।
সিডিসি এ-ও জানিয়েছে, আক্রান্ত ওই ব্যক্তির থেকে অন্য যাত্রীরাও সংক্রমিত হয়েছেন কি না জানতে দু’টি বিমানের সকলেরই খোঁজখবর নেয়া শুরু হয়েছে। তাদেরও রক্তপরীক্ষা করাতে বলা হচ্ছে।
২০০১ সালে যখন শেষ বার এই ভাইরাসের সংক্রমণ ঘটেছিল আমেরিকায় তখন আক্রান্ত হয়েছিলেন ৪৭ জন। এই ভাইরাসও নিঃশ্বাসের সঙ্গে নাক থেকে বেরনো ড্রপলেটের মাধ্যমেই ছড়ায় বলে সিডিসি সতর্ক করেছে সবাইকে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে এই ভাইরাসের সংক্রমণ মূলত দেখা যায় মধ্য ও পশ্চিম আফ্রিকায়। মূলত বাদরের শরীরে থাকলেও এই ভাইরাস অন্য প্রাণীর শরীরেও ঢুকতে পারে। মানুষের শরীরে ঢোকে মূলত বাদর থেকে।
কোনও কোনও ক্ষেত্রে তাদের অন্য প্রাণীদের থেকেও মানুষের শরীরে ঢুকতে দেখা গিয়েছে।
আনন্দবাজার।
