ব্রেকিং নিউজঃ

পুলিশ‌কে যথাযথভাবে দায়িত্ব পালনের নি‌র্দেশ আইজিপির

পবিত্র ঈদুল আজহা উপল‌ক্ষে ঘরমুখো মানুষের চলাচল নির্বিঘ্ন করার জন্য মহাসড়ক ও সড়কে হাইওয়ে ও জেলা পুলিশ এবং নৌপথে নৌ পুলিশ‌কে যথাযথভা‌বে দায়িত্ব পালনের নি‌র্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।

আজ বুধবার (১৪ জুলাই) ঈদুল আজহাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারদের (এসপি) এক ভার্চুয়াল সভায় তিনি এসব নির্দেশ দেন।

পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়ে আইজি‌পি বলেন, কোন সুনির্দিষ্ট তথ্য বা অভিযোগ ছাড়া কোরবানির পশুবাহী যানবাহন না থামাতে, সড়ক ও নৌপথে পশুবাহী ট্রাক বা লঞ্চে নির্দিষ্ট হাটের নাম উল্লেখ করে ব্যানার টানানো এবং এক হাটের পশুবাহী গাড়ি অন্য হাটে প্রবেশ নিয়ন্ত্রণ করতে হাট কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান। বর্তমান অতিমারিতে করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট বসানোরও অনুরোধ জানান আইজিপি।

বেনজীর আহমেদ বলেন, বাংলা‌দেশ পু‌লি‌শের নানা উদ্যেগের ফ‌লে জঙ্গি ও উগ্রপন্থী নিয়ন্ত্র‌ণে রাখা সম্ভব হ‌য়ে‌ছে। এ ধর‌নের যে কো‌নো তৎপরতা রো‌ধে গো‌য়েন্দা নজরদা‌রি বৃ‌দ্ধিসহ পু‌লি‌শি কার্যক্রম চলমান রাখ‌তে হ‌বে।

দেশের প্রধান প্রধান ঈদ জামাতগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে স্বাস্থ্যবিধি পালনে পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। ঈদের ছুটিতে চুরি, ডাকাতিসহ অন্যান্য অপরাধ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে পুলিশি টহল এবং বিট পুলিশিং কার্যক্রম বাড়ানোর নির্দেশনা দেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্য মাধ্য‌মে কেউ যেন গুজব রটিয়ে বিভ্রান্তি ছড়াতে অথবা আইন-শৃঙ্খলা প‌রি‌স্থি‌তির অবনতি ঘটাতে না পারে, এজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেন পুলিশ প্রধান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930