ব্রেকিং নিউজঃ

৩২ চাই দাবিতে গণমাধ্যমের সহযোগীতা চাইলেন চাকরি প্রত্যাশিরা

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে ৩২ এ উন্নীতকরণের দাবিতে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত গণমাধ্যম কর্মীদের মাধ্যমে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং জনপ্রশান তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ চেয়ে মানববন্ধন করেছেন চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম।

রোববার (২৭ জুন) শাহবাগ জাদুঘরের সামনে চাকরিপ্রত্যাশীরা এ দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এসময় চাকরিপ্রত্যাশীরা বলেন, ‘আমরা চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম বিগত ৩ মাস ধরে করোনাকালীন ক্ষতিগ্রস্ততায় সরকারি চাকরিতে প্রবেশের বয়স স্থায়ীভাবে ৩২ এ উন্নীতকরণের দাবি নিয়ে সরকারি দপ্তর থেকে দপ্তরে ঘুরেছি। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পীকার, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, মুখ্য সচিব, সিনিয়র সচিব (জনপ্রশাসন), মন্ত্রীপরিষদ সচিব, শিক্ষামন্ত্রী, পরিকল্পনামন্ত্রী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও আরও কয়েকজন বরাবর একাধিকবার স্মারকলিপি ও খোলা চিঠি প্রদান করেছি। তবে আমরা এখন পর্যন্ত কারো নিকট হতে নূন্যতম কোন সাড়া পাইনি।’

তারা বলেন, ‘এখন তাঁদের নিকট পৌঁছানোর জন্য আপনারা (গণমাধ্যম কর্মীরা) আমাদের শেষ ভরসা। গণমাধ্যমকে একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, আর সেই দৃষ্টিকোণ থেকে আপনাদের এই মহান পেশায় কিছু নৈতিক- মানবিক দায়িত্ববোধ ও মূল্যবোধের বিষয় নিহিত রয়েছে। আপনাদের নিকট আমাদের করুণ আবেদন ও আর্তি এই যে, আপনারা বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী ও জনপ্রশানমন্ত্রীর তথা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করুন।’

মানববন্ধনে চাকরিপ্রত্যাশীরা আরও বলেন, ‘করোনাকালীন অচলাবস্থায় সব বয়সের শিক্ষার্থী চাকরিপ্রত্যাশীরা ইতোমধ্যেই দেড় বছর হারিয়ে ফেলেছে যা দুই বছরের দিকে ধাবমান। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ হওয়ায় দেড় লক্ষ তরুণ-তরুণী (করোনার শুরুর সময়ে যাদের ২৮+ বয়সের ছিলো) চাকরির পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সুযোগ না পেয়েই তারা ৩০ বছর বয়স অতিক্রম করতে চলেছে। যেসব শিক্ষার্থীরা ২৬ বছর বয়সে শিক্ষাজীবন শেষ করে সেই করোনা শুরুর সময় থেকে আশায় বসে আছে চাকরির পরীক্ষায় অবতীর্ণ হবে, তারাও এই দেড় বছর হারাতে চলছে। সরকারি বিধি মোতাবেক প্রচলিত যে ৩০ বছর বয়স অবধি আবেদনের সুযোগ পাওয়ার কথা করোনার আঘাত কিন্তু প্রকৃতই সেই সুযোগ দিচ্ছে না।’

তারা বলেন, ‘২০১১ সালে এসে অবসরের বয়স বেড়ে হয় ৫৯ আর মহান মুক্তিযোদ্ধাদের জন্য হয় ৬০। অবসরের বয়স যেহেতু ২ বছর বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে চাকরিতে প্রবেশের বয়স ২ বছর বৃদ্ধি করলে সেটাও আর সাংঘর্ষিক হয় না। প্রাপ্ত তথ্যমতে, করোনাকালে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের পরিমাণ ৮৭ শতাংশ থেকে কমে ১৩ শতাংশে উপনীত হয়েছে; বেকারত্বের হার ২০ শতাংশ থেকে ৩৫ শতাংশে উন্নীত হয়েছে। করোনাকালীন ক্ষতিগ্রস্ততার স্বীকার এই দেড় লাখ চাকরিপ্রত্যাশী বেকারত্বের হার আরও বৃদ্ধি করবে।’

ব্যাকডেট দেওয়ার মাধ্যমে সব বয়সী চাকরিপ্রত্যাশীদের ক্ষতিপূরণ সম্ভব নয় বলে উল্লেখ করে তারা বলেন, চাকরিতে আবেদনের বয়স স্থায়ীভাবে ২ বছর বাড়িয়ে ৩২ বছর করলে সকলেই তাদের হারিয়ে যাওয়ায় ২ বছর ফিরে পাবে। এসময় তারা চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করার জন্যে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

চাকরিপ্রত্যাশী যুব প্রজন্মের পক্ষে মানববন্ধনে উপস্থিত ছিলেন- তানভির হোসেন, সাজিদ রহমান, আব্দুল্লাহ আল মামুন, আনোয়ার সাকিন, অক্ষয় রায়, সুমনা রহমান, মারজিয়া মুন, মানিক রিপন, সাদেকুল ইসলাম, শারমীন সুলতানা, কাজী কামরুন্নাহার, আকাইদ আকন্দ, নিতাই সরকার, আলমগীর হোসেন, ওমর ফারুক, বাকী বিল্লাহ প্রমুখ।

আজকের মানববন্ধন থেকে এই দাবিতে সোমবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে একটি সংবাদ সম্মেলন এবং মঙ্গলবার বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অথবা কেন্দ্রীয় শহীদ মিনারে মৌন সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930