ব্রেকিং নিউজঃ

কালবৈশাখী ঝড়ের আভাস, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

কালবৈশাখীর আনাগোনা বাড়ায় দেশের উত্তর, পশ্চিম, দক্ষিণ, পূর্ব ও মধ্যাঞ্চলে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের আভাস দেখছে আবহাওয়া অধিদফতর। তাই এসব এলাকার নদীবন্দরসমূহকে দুই নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস থাকায় এসব অঞ্চলের নদীবন্দরে দেখাতে বলা হয়েছে এক নম্বর হুঁশিয়ারি সংকেত। আজ রোববার (৯ মে) সন্ধ্যায় এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল ও পটুয়াখালীতে অস্থায়ী আকারে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টিপাত। তাই এসব এলাকার নদীবন্দরসমূহকে দুই নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজারে অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সঙ্গে বয়ে যেতে পারে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়। তাই এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। তবে সমুদ্রবন্দরে কোনো সতর্কতা দেখাতে বলা হয়নি।

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

এ অবস্থায় আগামী সোমবার (১০ মে) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। ফলে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এ সময় ঢাকায় দক্ষিণ-পশ্চিম/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০ থেকে ১৫ কিলোমিটার, যা দমকা আকারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটারে উঠে যেতে পারে।

আগামী মঙ্গলবার (১১ মে) নাগাদ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। আর বর্ধিত পাঁচ দিনে তাপমাত্রার সামান্য পরিবর্তন হতে পারে।

রোববার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হলেও তাপমাত্রা আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। সেই বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৭২ শতাংশ। ফলে ভ্যাপসা গরমও বেড়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সন্ধ্যা ৬টা থেকে আগের ২৪ ঘণ্টা দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে খেপুপাড়ায় ১৫ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনা ও রাঙামাটিতে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ও বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যথাক্রমে ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ও ৬ মিলিমিটার।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930