দেশে বজ্রবৃষ্টি ও তাপপ্রবাহের পূর্বাভাস
দেশে সোমবার (৫ এপ্রিল) একইসঙ্গে বজ্রবৃষ্টি ও তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিন সকালের মধ্যে খুলনা বিভাগের কয়েক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে বিপরীত আবহাওয়া থাকতে পারে রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও রাঙামাটি অঞ্চলে। রবিবার (৪ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।
বুলেটিনে বলা হয়, এই মুহূর্তে দেশের আবহাওয়া শুষ্ক এবং আকাশ আংশিক মেঘলা রয়েছে। রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও রাঙামাটি অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
যা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকবে। একইসঙ্গে দেশের দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। এছাড়া খুলনা অঞ্চলের বিভিন্ন জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলেও আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে উল্লেখ করা হয়েছে।
বুলেটিনে আরও জানানো হয়েছে, আন্দামান সাগরে সৃষ্ট নিম্নচাপ এই মুহূর্তে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে উত্তর আন্দামান সাগরের নিকটবর্তী মিয়ানমার উপকূলের দিকে অবস্থান করছে। লঘুচাপটি ধীরে ধীরে গুরুত্বহীন হয়ে পড়ছে বলেও জানানো হয়।
