বাংলাদেশে সেবা বিঘ্নিত নিয়ে ফেসবুকের বিবৃতি
বাংলাদেশে সেবা বিঘ্নিত হওয়ায় শনিবার (২৭ মার্চ) বিবৃতি দিয়েছে মার্কিন সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। শুক্রবার থেকে বাংলাদেশে ফেসবুক এবং তাদের বার্তা আদান-প্রদানের অ্যাপ মেসেঞ্জার ডাউন রয়েছে।
শনিবার এক বিবৃতিতে ফেসবুক বলেছে, আমরা অবগত রয়েছি যে— বাংলাদেশে আমাদের সেবাগুলো সীমিত করে দেওয়া হয়েছে। আমরা এ বিষয়ে আরও বেশি বোঝার জন্য কাজ করছি এবং শিগগিরই পূর্ণাঙ্গ সেবা পুনরায় চালু করা সম্ভব হবে বলে আমরা আশা করছি।
তবে ফেসবুক এবং মেসেঞ্জার বন্ধ করে দেওয়া হয়েছে কি না সে বিষয়ে বাংলাদেশ সরকার কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।
ফেসবুক বলেছে, করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণের জন্য যখন কার্যকর যোগাযোগ প্রয়োজন; তখন বাংলাদেশে ফেসবুকের সেবা সীমিত করে দেওয়ার ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন।
সূত্র: রয়টার্স।
