দেশবিরোধীদের বাদ দিলে সবাই মুক্তিযোদ্ধা: সিইসি
যারা অস্ত্র নিয়ে যুদ্ধ করেছেন শুধু তারাই মুক্তিযোদ্ধা নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
তিনি বলেছেন, যারা ঘরে বসে রান্না করেছেন, জীবনবাজি রেখে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন তারাও মুক্তিযোদ্ধা।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুক্রবার নির্বাচন কমিশনের অডিটরিয়ামে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
নূরুল হুদা বলেন, বাংলাদেশের স্বাধীনতা সহজে আসেনি। এটাকে রক্ষা করা এবং দিনে দিনে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া আমার আপনার সবার দায়িত্ব।
সিইসি বলেন, আমি মুক্তিযোদ্ধা ছিলাম। আমার হাতে রাইফেল ছিল, গ্রেনেড ছিল।
আমাদের অবস্থান ছিল হয় মরব, না হয় মারব। কিন্তু যারা জমানো টাকা আমাদের হাতে তুলে দিয়েছিল বা যারা আমাদের জন্য রান্না করে খাবার পাঠিয়েছিল তারা কারা?
যারা যুদ্ধের সময় আমাদের সাহায্য করলেন তারা কখনও আমার কাছে সুপারিশের জন্য আসেননি।
সুতরাং ওই সময়ের হিসাবে দেশবিরোধীদের বাদ দিলে সবাই মুক্তিযোদ্ধা ছিল।
ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান বীর মুক্তিযোদ্ধা ড. এসএম আনোয়ারা বেগম, ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ প্রমুখ।
