ব্রেকিং নিউজঃ

হুতিরা হামলা বাড়ালেও অস্ত্রবিরতির প্রস্তাব সৌদির

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের জাতিসংঘের তত্ত্বাবধানে ব্যাপকভিত্তিক অস্ত্রবিরতির প্রস্তাব দিয়েছে সৌদি আরব।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দেশটিতে ছয় বছরের সর্বনাশা যুদ্ধের অবসানে নতুন করে কয়েক দফা প্রস্তাব দেওয়া হয়েছে।

সে সবের অংশ হিসেবে এমন প্রস্তাব দেওয়া হলেও ইরানসংশ্লিষ্ট হুতিরা তাৎক্ষণিক তা নাকচ করে দিয়েছেন।

ইতোমধ্যে সৌদি তেল স্থাপনাসহ দেশটিতে হামলা বাড়িয়ে দিয়েছেন তারা। ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারের সর্বশেষ ঘাঁটি দখলে নিতে জোরালো অভিযান চালিয়ে যাচ্ছেন বিদ্রোহীরা।

রাজধানী সানায় আন্তর্জাতিক বিমানবন্দর ফের খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছেন সৌদিরা। পাশাপাশি হুতি বিদ্রোহী ও ইয়েমেনি সরকারের সঙ্গে রাজনৈতিক আলোচনাও ফের শুরু করার কথা বলা হচ্ছে।

ইয়েমেনের কেন্দ্রীয় ব্যাংকের একটি যৌথ অ্যাকাউন্টে লোহিত সাগরের হুদাইদা বন্দরে তেলবাহী জাহাজ থেকে কর ও শুল্ক জমা রাখার একটি পরিকল্পনার কথাও জানিয়েছে সৌদি আরব।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, আমরা চাই বন্দুকের আওয়াজ স্তব্ধ হয়ে যাক। হুতিরা সম্মতি দেওয়ার সঙ্গে সঙ্গে এ উদ্যোগ বাস্তবায়ন হয়ে যাবে।

ইয়েমেনে সংকট অবসানে এই অস্ত্রবিরতির প্রস্তাবকে একটি বড় সুযোগ হিসেবে আখ্যায়িত করেন তিনি।

বিদ্রোহীদের আলমাসিরাহ টেলিভিশন জানিয়েছে, সৌদিকে অবশ্যই আগ্রাসন বন্ধের ঘোষণা দিতে হবে এবং অবরোধ সম্পূর্ণভাবে উঠিয়ে নিতে হবে।

সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ২০১৫ সাল থেকে ইয়েমেনে বিমান হামলা শুরু করলে দেশটিতে হাজার হাজার বেসামরিক লোক নিহত হয়েছেন। এর পর থেকে আরব উপদ্বীপ দুর্ভিক্ষের কিনারে গিয়ে ঠেকেছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930