ব্রেকিং নিউজঃ

হজের আগাম প্রস্তুতি শুরু বাংলাদেশিদের সীমিত সুযোগের সম্ভাবনা

করোনা মহামারির কারণে চলতি বছরও সীমিত পরিসরে পবিত্র হজ উদযাপিত হতে পারে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকেও অল্প কিছু মানুষ এবার হজ পালনের সুযোগ পেতে পারেন। কিন্তু বিষয়টি এখনো স্পষ্ট নয়।

এ পরিস্থিতিতে হজের প্রস্তুতির জন্য কোভিড-১৯ এর টিকা নেওয়া বাধ্যতামূলক করে গেজেট জারি করেছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।

এরপরই সরকারি-বেসরকারিভাবে নিবন্ধিত হজযাত্রীদের করোনাভাইরাসের টিকা নিতে বলেছে বাংলাদেশ।

এসবই চলতি বছরের হজ অনুষ্ঠানের পূর্বপ্রস্তুতি হিসাবে দেখছেন হজসংশ্লিষ্টরা।

এ প্রসঙ্গে জানতে চাইলে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান যুগান্তরকে বলেন, ‘চলতি বছর হজ হবে কিনা তা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি সৌদি আরব।

তবে আগাম প্রস্তুতি হিসাবে সারাবিশ্বের হজ পালনে আগ্রহীদের করোনার টিকা নিতে হবে বলেছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর অংশ হিসাবে বাংলাদেশেও নিবন্ধিত ব্যক্তিদের টিকা দেওয়ার জন্য বলা হয়েছে।

যেহেতু প্রথম ডোজের ২ মাস পর দ্বিতীয় ডোজ দেওয়ার নিয়ম তাই এখন থেকেই শুরু হচ্ছে।

এ বছর সীমিত পরিসরে হজ অনুষ্ঠিত হলেও যেন আমরা সমস্যায় না পড়ি সেই লক্ষ্যে কাজ চলছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, পবিত্র কা’বা শরিফে প্রতি তিন ফুট দূরত্ব রেখে একসঙ্গে কতজন হজ পালন করতে পারবেন সেই বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

এর ওপর ভিত্তি করে হয়তো কোন দেশ থেকে কত হজযাত্রী নেওয়া হবে তার সংখ্যা নির্ধারণ করা হতে পারে।

আমরাও আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রাখতে চাই। যাতে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারি।’

গত ১৬ মার্চ ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন পবিত্র হজ উপলক্ষ্যে নিবন্ধিত ৬০ হাজার ৭০৬ জনকে করোনার টিকা দিতে হবে।

মার্চ মাসের মধ্যে টিকার প্রথম ডোজ ও মে মাসের মধ্যে দ্বিতীয় ডোজ দেওয়ার ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরকে অনুরোধ করা হয়েছে।

জানা গেছে, গত ১৫ মার্চ ধর্ম সচিবের সভাপতিত্বে হজের প্রস্তুতি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে বলা হয়, যদি সৌদি আরব থেকে ইতিবাচক বার্তা আসে, সে ব্যাপারে সার্বিক প্রস্তুতি রাখতে হবে।

হজযাত্রী পাঠানোর ক্ষেত্রে ৪ ধরনের ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রথমত, গত বছর নিবন্ধিতরা, দ্বিতীয়ত, টিকার দুটি ডোজ সম্পন্নকারীরা, তৃতীয়ত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত নন এবং চতুর্থত যারা সুস্থ-সুঠাম দেহের অধিকারী।

এর বাইরে সৌদি আরব যদি নির্দিষ্ট কোনো বয়সসীমা বেঁধে দেয় সে বিষয়টিও যুক্ত হবে।

বৈঠকে টিকা নিবন্ধনে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বদলে পাসপোর্ট অনুযায়ী নিবন্ধনের প্রস্তাব করা হয়।

বাংলাদেশের জন্য গত বছর এক লাখ ৩৭ হাজার হজযাত্রীর কোটা নির্ধারিত ছিল।

নিবন্ধিত ছিলেন ৬১ হাজার ২৩১ জন। এর মধ্যে সরকারি ২৯৬০ জন এবং বেসরকারি ৫৮২৭১ জন। এর বাইরে এ পর্যন্ত হজে যেতে আগ্রহীদের মধ্যে প্রাক-নিবন্ধন করে রেখেছেন এক লাখ ৭৭ হাজার ২৭১ জন।

এর মধ্যে সরকারি ৪৬৯৫ জন এবং বেসরকারি এক লাখ ৭২ হাজার ৫৭৬ জন। গত বছর করোনার আঘাত সারাবিশ্বের সবকিছু এলোমেলো করে দেয়।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের আগ্রহীরাও হজ পালন করতে পারেননি।

এ প্রসঙ্গে হজ এজেন্সি মালিকদের সংগঠন ‘হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)’ সভাপতি এম শাহাদত হোসাইন তসলিম বলেন, ‘এখন পর্যন্ত হজের বিষয়ে সুনির্দিষ্ট কোনো খবর দেয়নি সৌদি সরকার।

তবে করোনার কারণে স্বাভাবিক হজ-ওমরাহ বন্ধ থাকায় তাদের বিপুল অঙ্কের অর্থনৈতিক ক্ষতি হয়েছে। গত বছর অন্য দেশের হজযাত্রী না নিলেও এবার সীমিতসংখ্যক নেওয়া হতে পারে বলে আভাস পাওয়া গেছে।

এরই অংশ হিসাবে তাদের (সৌদি সরকার) হজমন্ত্রী বদল এবং হজসংশ্লিষ্ট কিছু খাতে প্রণোদনার ঘোষণা দেওয়া হয়েছে।

আশা করি সংখ্যায় অল্প হলেও এবার কিছু বাংলাদেশি হজ পালনের সুযোগ পাবেন।’

এদিকে হজ ও ওমরাহ পরিচালনায় প্রতিষ্ঠানগুলোর জন্য বেশকিছু প্রণোদনার অনুমোদন দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ১. নিয়োগকৃত প্রবাসীদের ফি দেওয়া থেকে হজ ও ওমরাহ খাতের প্রতিষ্ঠানগুলোকে ছয় মাসের জন্য রেহাই দেওয়া। ২. মক্কা ও মদিনায় আবাসন প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স নবায়নে এক বছরে কোনো অর্থ দিতে হবে না।

এ সময় আরও বাড়ানো হতে পারে। ৩. হজ ও ওমরাহ খাতে কর্মরত প্রবাসীদের আবাসন ফি আগামী ছয় মাসের জন্য স্থগিত থাকবে।

এ সংক্রান্ত কিস্তি পরিশোধের মেয়াদ এক বছর করা হয়েছে। ৪. হজ ও ওমরাহ যাত্রীদের পরিবহনে বাস কোম্পানিগুলোর লাইসেন্স কোনো ফি ছাড়াই এক বছর বাড়িয়ে দেওয়া হয়েছে।

এবং ৫. চলতি বছরের হজ মৌসুমে নতুন বাসের শুল্ক আদায় আগামী তিন মাসের জন্য বন্ধ থাকবে।

নির্ধারিত তারিখ থেকে চার মাস মেয়াদে কিস্তি পরিশোধ করতে হবে।

’খবর সংশ্লিষ্ট সূত্রের।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930