ব্রেকিং নিউজঃ

ছাত্র সংগঠনের মশাল মিছিলে পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল

কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে বামপন্থি কয়েকটি ছাত্র সংগঠন রাজধানীতে মশাল মিছিল করেছে।

এতে বাধা দিয়েছে পুলিশ। এ সময় দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রীসহ বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টায় টিএসসি থেকে মশাল মিছিল বের করেন।

মিছিলটি শামসুন্নাহার হল ঘুরে শাহবাগের জাদুঘরের সামনে গেলে পুলিশ বাধা দেয়।

এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এরপরই পুলিশ লাঠিচার্জ করে। এতে ছত্রভঙ্গ হয়ে পিছু হটেন ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা।

ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মী এবং পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছেন। এ ঘটনায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাবির নেতা আরাফাত সাদসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর সংসদের সভাপতি তাসিন মল্লিক যুগান্তরকে জানান, বিভিন্ন ছাত্র সংগঠনের ১০-১২ জনের বেশি নেতাকর্মীরা আহত হয়েছেন।

এদের মধ্যে রয়েছেন- ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি সাখাওয়াত ফাহাদ, ছাত্র ইউনিয়নের ইংলিশ মিডিয়ামের ঢাকা মহানগরের আহ্বায়ক শ্রাবণ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আশ্রাফি নিতু, ছাত্র ইউনিয়নের বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সদস্য অন্তু অরিন্দম, শিক্ষা ও গবেষণা সম্পাদক নাজিফা জান্নাত।

গেল বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কারাগারের ভেতরেই মুশতাক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

মুশতাক নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ছোট বালাপুর এলাকার মো. আবদুর রাজ্জাকের ছেলে।

ঢাকা মেট্রোপলিটনের রমনা মডেল থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গত বছরের ৬ মে ঢাকা জেলে এবং পরে ২৪ আগস্ট থেকে তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031