কোরিয়ায় রাষ্ট্রদূতের সঙ্গে ইপিএস বাংলার নেতাদের শুভেচ্ছা বিনিময়
দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কোরিয়ান নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত বাংলাদেশি ইপিএস কর্মীদের জনপ্রিয় সংগঠন ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়ার নবগঠিত কমিটির নেতারা।
এ সময় ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়ার উপদেষ্টা ফজলুর রহমান ২০২১ সালের নবগঠিত কমিটির সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক কাজী আহসানুল ইসলাম ও সিনিয়র সহ-সভাপতি বাধন কাজীকে কোরিয়ার সিউলের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবিদা ইসলাম ও দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মকিমা বেগমের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
এরপর সিউলের বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়ার নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
গত বছর করোনা মহামারি পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়ার সরকার কর্তৃক বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ইস্যু নিষেধাজ্ঞা জারি করা হলে সবার মধ্যেই উদ্বেগ ও উৎকন্ঠা বৃদ্ধি পায়।
দীর্ঘ আট মাস পর ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ সরকার ও সিউলের বাংলাদেশ দূতাবাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ইপিএস কর্মীদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান নবগঠিত কমিটির সভাপতি ফারুক আহমেদ।
তিনি এ বছরের কমিউনিটির বাৎসরিক পরিকল্পনা রাষ্ট্রদূতের হাতে তুলে দেন।
সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূতকে ইপিএস কর্মীদের বিভিন্ন সমস্যার বিষয়ে অবহিত করা হয় এবং সমস্যা সমাধানের লক্ষ্যে আশু পদক্ষেপ গ্রহণে অনুরোধ করা হয়।
এর মধ্যে দেশে অপেক্ষমাণ কোরিয়ায় গমনেচ্ছুক স্পেশাল রিএন্ট্রিপ্রাপ্ত কমিটেড কর্মী, স্পেশাল সিবিটিতে রোস্টারভুক্ত কর্মী ও নতুন ভিসা ইস্যুকৃতদের কোরিয়ায় প্রবেশের বিষয়ে দ্রুততম সময়ে সমাধানের জন্য অনুরোধ জানানো হয়।
রাষ্ট্রদূত কোরিয়াতে বাংলাদেশি ইপিএস কর্মীদের সংখ্যা বৃদ্ধিতে ইপিএস বাংলাকে গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা দেয়ার পাশাপাশি সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
রাষ্ট্রদূত ভবিষ্যতে সবসময় ইপিএস বাংলা কমিউনিটির পাশে থাকা ও সহযোগিতার আশ্বাস দেন।
ইপিএস কর্মীদের উন্নয়নে উল্লেখযোগ্য পদক্ষেপ তুলে ধরে দূতাবাসের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত কমিউনিটির নেতারা।
ভবিষ্যতে যাতে এ ধারা অব্যাহত থাকে তার জন্য তারা রাষ্ট্রদূতের কাছে অনুরোধ জানান।
পরে সিউলের বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা ও দিকনির্দেশনায় এবং ইপিএস কর্মীদের ভালোবাসায় ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়া এগিয়ে যাবে দুর্বারগতিতে- এমনটাই প্রত্যাশা করে আলোচনার সমাপ্তি করা হয়।
