ব্রেকিং নিউজঃ

বিএনপি প্রোঅ্যাকটিভ নয়, রিঅ্যাকটিভ: কাদের

প্রতিক্রিয়াশীলতা এখন বিএনপির রাজনীতির মূল চরিত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি প্রোঅ্যাকটিভ নয়, তাদের রাজনীতি হচ্ছে রিঅ্যাকটিভ।

বিএনপি নেতারা চারদিকে শুধু ধ্বংস দেখতে পায়, তারা সরকারের কোনো উন্নয়ন ও অর্জন দেখতে পায় না।

আসলে তাদের সৃষ্টিশীলতাকে গ্রাস করেছে দুর্ভেদ্য নেতিবাচকতা। কারণ বিএনপির দৃষ্টিশক্তিতে এখন শীতের ঘন কুয়াশা জমেছে।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি এ অনুষ্ঠানে যুক্ত হন।

বিএনপি নেতৃত্বে সমালোচনা করে তিনি বলেন, ধর্মের দোহাই ও সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে মানুষকে আর বোকা বানানো যাবে না। বিএনপি বিপদে মানুষের পাশে না দাঁড়িয়ে শুধু সমালোচনার তীর ছুড়ছে। প্রকারান্তরে আওয়ামী লীগ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, যা আওয়ামী লীগের গত সাত দশকের ঐতিহ্য।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির রাজনীতি এখন কুয়াশাচ্ছন্ন। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো তো দূরের কথা, তারা নিজেরাই শীতে কাতর। বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের মুখোশের আড়ালে লুকিয়ে আছে জুলুম আর লুটপাটতন্ত্র।

পৌর নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তৃতীয় ও চতুর্থ ধাপের নির্বাচন সামনে। যারা নৌকার বিপক্ষে গিয়ে বিদ্রোহ করবে এবং জনপ্রতিনিধি বিদ্রোহে উসকানি দেবে, তাদের ভবিষ্যতে মনোনয়ন ও গুরুত্বপূর্ণ দলীয় কোনো পদ পাওয়া থেকে বঞ্চিত হতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, প্রতিটি ওয়ার্ড, থানায় সম্মেলন করতে হবে। সম্মেলন করতে গিয়ে অতীত থেকে শিক্ষা নিতে হবে। পকেট কমিটি কোনোভাবেই করা যাবে না, দলের ত্যাগী নেতাদের কমিটিতে সুযোগ করে দিতে হবে।

পরে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ শাখা আওয়ামী লীগের নেতারা।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, দফতর সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930