ব্রেকিং নিউজঃ

কার্যকর হয়নি একাধিক গাড়ির অগ্রিম আয়কর আদায়

শতকোটি টাকার রাজস্ব হাতছাড়া

গত ৫ বছরে বিআরটিএ’র (বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) সংশ্লিষ্টদের গাফিলতিতে সরকারের প্রায় শতকোটি টাকার রাজস্ব হাতছাড়া হয়েছে।

২০১৫ সালে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একাধিক ব্যক্তিগত গাড়ি (মোটর কার, জিপ ও মাইক্রোবাস) রেজিস্ট্রেশনের ক্ষেত্রে দ্বিতীয় গাড়ির জন্য নিয়মিত করের অতিরিক্ত ৫০ শতাংশ অগ্রিম আয়কর আরোপ করে।

কিন্তু বিআরটিএ এখনো তা আদায় করতে পারেনি। সবেমাত্র সিস্টেম আপডেটের কাজ শুরু করেছে সংস্থাটি।

গত ৬ ডিসেম্বর পরিচালক লোকমান হোসেন মোল্লার সভাপতিত্বে বিআরটিএ ভবনে ইনোভেশন টিমের সভা অনুষ্ঠিত হয়।

ওই সভায় দ্বিতীয় গাড়ির ৫০ শতাংশ অতিরিক্ত কর আদায়ের ব্যাপারে আলোচনা হয়। সভায় সহকারী প্রোগ্রামার বলেন, একই ব্যক্তির নামে একাধিক গাড়ি থাকলে নিয়মিত করের অতিরিক্ত ৫০ শতাংশ কর পরিশোধ করতে হবে।

এজন্য গাড়ি রেজিস্ট্রেশনের সময় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলক করা যেতে পারে।

এছাড়া গাড়ির ফিটনেস দেওয়ার সময় মোটরযান মালিকের এনআইডি এন্ট্রি বাধ্যতামূলক করা যেতে পারে।

ইনোভেশন টিমের সদস্য এএইচএম আনোয়ার পারভেজ বলেন, বর্তমানে মোটরযান নিবন্ধনের সময় মালিকের এনআইডি গ্রহণ বাধ্যতামূলক নয়।

এ ছাড়াও কিছু গাড়ির মালিকের এনআইডি কার্ড নেই। কিন্তু যেসব গাড়ির (মোটর কার, জিপ ও মাইক্রোবাস) ক্ষেত্রে অগ্রিম আয়কর প্রযোজ্য, সেসব ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক এবং এই টিআইএনের বিপরীতে অগ্রিম আয়কর আদায় করা হয়।

কাজেই একই টিআইএনের বিপরীতে একাধিক গাড়ি থাকলে সেক্ষেত্রে প্রজ্ঞাপন অনুযায়ী ৫০ শতাংশ অগ্রিম আয়কর গ্রহণ করা যেতে পারে।

এরই পরিপ্রেক্ষিতে সভার সভাপতি লোকমান হোসেন মোল্লা বলেন, অতিরিক্ত ৫০ শতাংশ আয়কর আদায়ের ক্ষেত্রে এনআইডি ও টিআইএন উভয়ই চেক করতে হবে এবং দ্বিতীয় ও তৃতীয় গাড়ির ক্ষেত্রে অতিরিক্ত ৫০ শতাংশ আয়কর গ্রহণ করা যেতে পারে।

ওই সভায় সিদ্ধান্ত হয়, এনবিআরের প্রজ্ঞাপন একক এনআইডি বা টিআইএনের বিপরীতে একাধিক গাড়ি থাকলে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে অতিরিক্ত ৫০ শতাংশ আয়কর গ্রহণ করতে হবে।

এ সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় বিআরটিএ সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি সিএনএস লিমিটেডকে।

সূত্র জানায়, বিআরটিএ’র কারিগরি সক্ষমতা না থাকায় এতদিন অতিরিক্ত অগ্রিম আয়কর আদায় করা সম্ভব হয়নি।

এখন কর আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে। বিআরটিএ’র দায়িত্বপ্রাপ্ত সফটওয়্যার কোম্পানি সিএনএসকে এ ব্যাপারে সিস্টেম আপডেট করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার যুগান্তরকে বলেন, বিআরটিএ’র সফটওয়্যারটি অনেক আগের বিধায় পদ্ধতিগত কিছু ত্রুটি আছে।

এটি আপডেটের কাজ করা হচ্ছে। তিনি আরও বলেন, কারও একাধিক গাড়ি থাকলে তা স্বীকার বা ঘোষণা না দিলে অতিরিক্ত আয়কর করা সম্ভব হতো না।

এখন এনবিআরের সার্ভারের সঙ্গে বিআরটিএ’র সফটওয়্যার ইন্টিগ্রেশন করা হয়েছে। বিআরটিএ’র টিম এনবিআরের সঙ্গে কাজ করছে।

ভবিষ্যতে টিআইএন যাচাইয়ের পাশাপাশি কারও একাধিক গাড়ি থাকলে তা সিস্টেমে দেখা যাবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930