শিল্পী রিতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
পালা গানে মহান আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় বাউল শিল্পী রিতা দেওয়ানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার (০২ ডিসেম্বর) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস্সামছ জগলুল হোসেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দেয়া প্রতিবেদন আমলে নিয়ে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
সম্প্রতি একটি পালা গানের আসরে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে রিতা দেওয়ান মহান আল্লাহকে নিয়ে রুচিহীন মন্তব্য করেন।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। অনেকে রিতা দেওয়ানের শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, এর আগে শরিয়ত বয়াতি নামক এক বাউল শিল্পী পালা গানের আসরে ইসলামে গান বাজনা জায়েজ বলে মন্তব্য করেন।
পাশাপাশি তিনি আল্লাহ-রাসূল (সা.) ও ইসলাম নিয়ে আপত্তিকর কথা বলেন।
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা হয়।
বিক্ষোভের মুখে তাকে গ্রেফতার করে টাঙ্গাইল পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।
