বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী ঘোষণা করলেন প্রধানমন্ত্রী
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এয়ার উইংয়ে রাশিয়ার তৈরি দু’টি অত্যাধুনিক হেলিকপ্টার যুক্ত হয়েছে। এর মধ্য দিয়ে এই বাহিনীতে এয়ার উইংয়ের যাত্রা শুরু হলো।
আজ রবিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বিজিবি এয়ার উইং-এর দু’টি অত্যাধুনিক এমআই ১৭১ ই হেলিকপ্টার ‘বীর শ্রেষ্ঠ নুর মোহাম্মদ’ এবং ‘বীর শ্রেষ্ঠ আব্দুর রউফ’ -এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রী সীমান্ত সুরক্ষায় নিয়োজিত এই বাহিনীকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা করে বলেন, বিজিবি এখন অন্যান্য বাহিনীর মতো ত্রিমাত্রিক বাহিনীতে উন্নীত হয়েছে।
শেখ হাসিনা বলেন, এখন থেকে বিজিবি দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অর্পিত দায়িত্ব পালনের নিমিত্তে জলে, স্থলে ও আকাশ পথে বিচরণ করবে। এটি শুধু বিজিবির উন্নতি নয়, মুজিববর্ষে এটি দেশবাসীর জন্যও অত্যন্ত গৌরবের ও আনন্দের বলে আমি মনে করি।
বিজিবিতে আরও জনবল বাড়াতে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, এ বাহিনীতে আরও ১৫ হাজার জনবল বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে যা তিনটি ধাপে বাস্তবায়ন করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধের জন্য ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর সীমান্ত এলাকা নির্বাচন করে অগ্রাধিকার ভিত্তিতে ৩২৮ কিলোমিটার সীমান্তে স্মার্ট ডিজিটাল সার্ভেইল্যান্স অ্যান্ড ট্যাকটিক্যাল রেসপন্স সিস্টেম স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হচ্ছে।
পিলখানায় বিজিবি সদর দপ্তর প্রান্তে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।
