ব্রেকিং নিউজঃ

করোনাকালীন সংকট মোকাবিলায় সুসমন্বিত রোডম্যাপ তৈরিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে সব দেশের স্বাস্থ্য ব্যবস্থা এবং অর্থনীতিতে ধ্বংসাত্মক প্রভাব ফেলেছে।

স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি আক্রান্ত ও বেশির ভাগ মানুষ আয় এবং কাজ হারিয়েছেন।

করোনায় সৃষ্ট সংকট মোকাবিলায় সুসমন্বিত রোডম্যাপ তৈরি করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

আজ আসেম সদস্য দেশগুলোর অর্থমন্ত্রীদের ১৪তম আন্তর্জাতিক সম্মেলন ভার্চ্যুয়ালি উদ্বোধনকালে এ আহ্বান জানান শেখ হাসিনা।
তিনি বলেন, যে কোনো সংকট উত্তরণে বিচ্ছিন্নতা নয়, সহায়তা করতে পারে সহযোগিতা।

করোনায় বহুমুখী বৈশ্বিক সমস্যা তৈরি করেছে এবং এটি বৈশ্বিকভাবে সমাধান করা উচিত। এ সংকট মোকাবিলায় আমাদের দরকার একটি সুসমন্বিত রোডম্যাপ।

প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, বিশ্ব শিগগিরই করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকর ভ্যাকসিন পেতে চলেছে।

ধনী দেশ, বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক (এমডিবি) ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে (আইএফআই) উদার সমর্থন নিয়ে এগিয়ে আসা উচিত।সব দেশের জন্য বিনামূল্যে ভ্যাকসিনের ব্যবস্থা করার আহ্বানও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশগুলোর জন্য উন্নত দেশগুলোকে শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজার প্রবেশাধিকার এবং প্রযুক্তিগত সহায়তা বিষয়ে নিজেদের পূরণ না করা প্রতিশ্রুতিগুলো পূরণ করতে হবে।

আক্রান্ত স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোকে উদ্ধারে জি-৭, জি-২০, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থাভুক্ত (ওসিসিডি) দেশগুলো, এমডিবি ও আইএফআইগুলোকে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ গত এক দশকে টেকসই উচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে এবং কিছু আর্থসামাজিক সূচকেও অসাধারণ অগ্রগতি পেয়েছে।

সরকার বাংলাদেশকে ২০৩১ সালের মধ্যে উচ্চ-মধ্য আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে ‘ভিশন ২০৪১’ গ্রহণ করেছে।

বাংলাদেশ এসডিজি অর্জনে ঠিক পথে ছিল। কিন্তু করোনাভাইরাস ছড়ানো রোধে সরকারের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও মহামারিটি অগ্রগতির ওপর মারাত্মক বাধা সৃষ্টি করেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, অর্থনৈতিক ক্ষতি থেকে মুক্তি পেতে বিরাট প্রণোদনা প্যাকেজ দেয়া হয়েছে।

তার সরকার এখন পর্যন্ত বিভিন্ন খাতের পাশাপাশি সমাজের নানা স্তরের সহায়তার জন্য ১৪.১৪ বিলিয়ন ডলার সমতুল্য ২১টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। কয়েক মাস প্রাথমিকভাবে ভোগার পর দেশের অর্থনীতি পুনরুদ্ধার হতে শুরু করেছে।

এ সময় প্রধানমন্ত্রী রপ্তাানি, রেমিট্যান্স ও কৃষি উৎপাদনে সর্বশেষ তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মূল বক্তব্য দেন বিশ্বব্যাংক ও এডিবির ভাইস প্রেসিডেন্ট এবং আইএমএফের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপ-পরিচালক।

জার্মানি, স্পেন, পোল্যান্ড, বুলগেরিয়া, থাইল্যান্ড, জাপান, চীন, মিয়ানমার, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরসহ আসেম সদস্য দেশগুলোর অর্থমন্ত্রী, অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930