বাইডেনকে অভিনন্দন জানালেন রিচি সোলাইমান
চলছে ভোট গণনা। যুক্তরাষ্ট্রে নির্বাচন নিয়ে বিশ্ববাসীর উৎসাহের কমতি নেই। রিপাবলিকান ট্রাম্প নাকি ডেমোক্র্যাট জো বাইডেন, কে যাবেন হোয়াইট হাউসে; সবার দৃষ্টি এখন সেদিকে।
বাংলাদেশের যে সকল তারকারা যুক্তরাষ্ট্রে প্রবাসী হয়েছেন তারাও বেশ উৎসাহ নিয়ে অপেক্ষা করছেন চূড়ান্ত ফলের জন্য।
তবে বাংলাদেশের অভিনেত্রী রিচি সোলায়মান চূড়ান্ত ফলাফলের জন্য আর অপেক্ষা করলেন না।
ইতিমধ্যেই তিনি জো বাইডেনকে নিজেদের প্রেসিডেন্ট হিসেবে অভিনন্দন জানিয়ে দিলেন! নিজের ফেসবুকে রিচি জো বাইডেনের দু’টি ছবি পোস্ট করে লিখেছেন- ‘অভিনন্দন আমাদের প্রেসিডেন্ট!’
তার এই পোস্টে অনেকেই অভিনন্দন জানিয়ে মন্তব্য করেছেন। আবার কেউ কেউ বলছেন আরও একটু অপেক্ষা করতে।
এদিকে, বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের জ্যামাইকাতে বাস করছেন বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেত্রী। ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি রাশেকুর রহমান মালিকের সঙ্গে তার বিয়ে হয়।
শুরুতে ঢাকা টু নিউইয়র্ক যাওয়া-আসার মধ্যে থাকলেও এখন স্বামী-সন্তান নিয়ে সেখানেই বসবাস করছেন রিচি সোলায়মান।
