করোনায় ২৪ ঘণ্টায় ৩২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৩৬ : স্বাস্থ্য অধিদপ্তর
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ২৫১ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ৪৩৬ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট তিন লাখ ৬৩ হাজার ৪৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। দেশে করোনা থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৭৮৯ জন। এ নিয়ে দেশে মোট দুই লাখ ৭৫ হাজার ৪৮৭ জন করোনা থেকে সুস্থ হলো।
আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০৮টি ল্যাবে ১৩ হাজার ৪০৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ১৫৫টি।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ২৪ জন এবং নারী আটজন। করোনায় দেশে এ পর্যন্ত পুরুষ মারা গেছে চার হাজার ৬৩ জন এবং নারী এক হাজার ১৮৮ জন। এ ছাড়া মৃতদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন এবং ষাটোর্ধ্ব ২৪ জন রয়েছেন।
২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ২৪ জন, চট্টগ্রাম বিভাগে দুজন, রাজশাহী বিভাগে চারজন, সিলেট বিভাগে একজন এবং ময়মনসিংহে একজন রয়েছেন। এ ছাড়া হাসপাতালে মারা গেছেন ৩১ জন এবং বাড়িতে একজন।
দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। এ পর্যন্ত দেশে মোট ১৯ লাখ ৩৪ হাজার ২৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
