ইউনিয়ন পরিষদে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে
ঢাকার সাভারে নিজের কার্যালয়ের একটি কক্ষে আটকে রেখে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আশুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাবুদ্দিন মাতবরের (৫০) বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তোভোগী ওই তরুণী বাদী হয়ে থানায় অভিযোগ দিলেও পুলিশ মামলা গ্রহণ করেনি। পরে ওই নারী অভিযুক্ত চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে গত রবিবার (২৭ সেপ্টেম্বর) আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
মামলার অন্য আসামিরা হলো – চেয়ারম্যানের শ্যালক মো. আলমগীর (৩৮) ও ব্যক্তিগত সহকারী সবুজ শিকদার (৩৫)।
মামলার অভিযোগে বলা হয়, দেনা পাওনা সংক্রান্ত একটি বিষয়ে গত মঙ্গলবার ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিনের কাছে বিচার দেওয়ার জন্য ইউনিয়ন পরিষদে যান। এ সময় চেয়ারম্যান তাকে আদালতে মামলা দায়ের করার পরামর্শ দেন। পরে ওই নারী সেখান থেকে বাড়ি ফেরার পথে তাকে আটকায় চেয়ারম্যানের শ্যালক আলমগীর ও ব্যক্তিগত সহকারী সবুজ শিকদার। চেয়ারম্যানের কাছে মিথ্যা কথা বলেছেন এমন অভিযোগ তুলে তারা ওই নারীকে জোরপূর্বক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ধরে নিয়ে যায়। পরে সেখানকার একটি কক্ষে আটকে রেখে তাকে ধর্ষণ করেন ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন। চেয়ারম্যানের পর তার শ্যালক ও সহকারীও ওই নারীকে ধর্ষণের চেষ্টা চালায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এক পর্যায়ে ধর্ষণের বিষয়টি গোপন রাখার শর্তে ওই তরুণীকে ছেড়ে দেয়া হয়।
পরে ওই তরুণী বাদী হয়ে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ তা আমলে নেয়নি।
এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, “বিষয়টি তার জানা নেই। খোজ নিয়ে দেখা হচ্ছে।”
এ ব্যাপারে আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
