ব্রেকিং নিউজঃ

শেরপুরে যৌতুকের দাবিতে পিটিয়ে গৃহবধূকে হত্যার অভিযোগে আটক ৩

শেরপুরে যৌতুকের দাবিতে রেজিয়া বেগম (২৬) নামে ২ সন্তানের জননী এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে শহরের রাজ বল্লভপুর এলাকায় এ ঘটনা ঘটে। রেজিয়া শহরের চকপাঠক এলাকার মৃত আনিস মিয়ার মেয়ে ও ২ সন্তানের জননী। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ ৩ জনকে আটক করলেও গৃহবধূর স্বামী শহীদ (৩০) সহ শ্বশুরবাড়ির অন্যান্য লোকজন পলাতক রয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটককৃতরা হচ্ছে রেজিয়ার জা বিথী আক্তার, চাচাতো দেবর সুজন মিয়া ও মামাশ্বশুর আব্দুল মোতালেব।

সুত্রে জানা গেছে, প্রায় ১০ বছর পূর্বে শেরপুর শহরের রাজ বল্লভপুর এলাকার আক্তার হোসেনের ছেলে বাসের হেলপার শহীদের সাথে বিয়ে হয় রেজিয়া বেগমের। বিয়ের সময় যৌতুক বাবদ ১ লাখ টাকা দিলেও আরও যৌতুকের টাকার জন্য রেজিয়া বেগমের উপর নির্যাতন চালিয়ে আসছিল স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। কিন্তু রেজিয়ার পিতা না থাকায় ও ভাইয়ের দারিদ্রতার কারণে যৌতুক দিতে ব্যর্থ হয় তারা। এক পর্যায়ে নির্যাতনের মাত্রা বেড়ে গেলে রেজিয়া বাড়ি পালিয়ে ঢাকায় স্বজনদের কাছে চলে যাওয়ার পথে সেখান থেকে তাকে বাড়িতে নিয়ে আসে স্বামী শহীদ। বৃহস্পতিবার রাতে স্বামী শহীদসহ শ্বশুরবাড়ির লোকজন তার উপর শারীরিক নির্যাতন চালালে সে মারা যায়। পরে শ্বশুরবাড়ির লোকজন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেজিয়াকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে ৩ জনকে আটক করা হয়েছে। স্বামীসহ অন্যদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930