বরিশালে সাড়ে ৫শ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৫
পরিবহনে পাঁচারকালে বরিশালে ৫৭৩ বোতল ফেন্সিডিল উদ্ধার ও ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব-৮। বৃহস্পতিবার বিকালে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের নগরী সংলগ্ন দপদপিয়া সেতুর টোল এলাকায় র্যাব এ অভিযান চালিয়েছে।
র্যাব-৮ বরিশালস্থ সদর দফতর থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন পিকআপে ফেন্সিডিলের একটি বড় চালান বরিশাল মহানগরী হয়ে কুয়াকাটার উদ্দেশ্যে যাচ্ছে।
এ তথ্যের ভিত্তিতে দপদপিয়া সেতুর টোলঘর এলাকায় চেক পয়েন্ট বসানো হয়। বিকাল সাড়ে ৫টার টার দিকে একটি প্রাইভেট কার ও একটি পিকআপ ওই এলাকা অতিক্রম করার সময় যানবহন দুটি আটক করা হয়। পিকআপ থেকে উদ্ধার করা হয় ৫৭৩ বোতল ফেন্সিডিল।
পিকআপের সঙ্গে থাকা প্রাইভেট কারের যাত্রী ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। তারা হলেন- যশোরের বেনাপোল এলাকার মোঃ তৌহিদুল ইসলাম (২৫) ও মোঃ মেহেদী হাসান (২০), খুলনার খালিশপুর এলাকার মোঃ আলাউদ্দিন (৩৪) ও দৌলতপুর উপজেলার মোঃ নাজমুল হাসান ওরফে সুমন (৩০) এবং সাতক্ষিরার কলারোয়া উপজেলার মোঃ শহীদুল ইসলাম (২৫)। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে র্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
