মহানবী (সা:)-কে অবমাননা: ক্ষমার অযোগ্য মহাপাপ করেছে ফরাসি ম্যাগাজিন
আন্তর্জাতিক ডেস্কঃ সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মাদ (সা:)- কে অবমাননার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।
মঙ্গলবার এক বার্তায় তিনি বলেছেন, পবিত্র ও নুরানি ব্যক্তিত্ব মহানবী হজরত মুহাম্মাদ (সা.)-কে অবমাননা করে ক্ষমার অযোগ্য মহাপাপ করেছে ফরাসি পত্রিকা।
তাদের এই পদক্ষেপের মধ্যদিয়ে ইসলাম ধর্ম ও মুসলিম জাতির সঙ্গে পাশ্চাত্যের রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর হিংসা-বিদ্বেষের বিষয়টি আবারও স্পষ্ট হয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন, বাক্ স্বাধীনতার অজুহাত দেখিয়ে ফ্রান্সের কোনো কোনো রাজনীতিবিদ এই মহা অপরাধের নিন্দা পর্যন্ত জানাননি। তাদের এই অজুহাত অগ্রহণযোগ্য ও ভুল। এর মাধ্যমে তারা মানুষের সঙ্গে প্রতারণা করেছে।
তিনি গোটা বিশ্বের মুসলমান বিশেষকরে পশ্চিম এশিয়ার মুসলমানদের উদ্দেশে বলেন, স্পর্শকাতর এই অঞ্চলের ইস্যুগুলোর বিষয়ে আপনাদেরকে সদা সতর্ক ও সজাগ থাকতে হবে।
একই সঙ্গে পবিত্র ইসলাম ধর্ম ও মুসলমানদের বিষয়ে পাশ্চাত্যের রাজনীতিবিদ ও নেতাদের শত্রুতার বিষয়টিও কখনোই ভুলে যাওয়া যাবে না।
সম্প্রতি সর্বশেষ নবী ও রাসূল হজরত মুহাম্মাদ (স.)-কে নিয়ে আবারও ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করেছে বিতর্কিত ফরাসি ম্যাগাজিন শার্লি এবদো। হযরত মুহাম্মদ (সা:)-কে নিয়ে ২০১৫ সালের কার্টুনগুলোই আবার প্রকাশ করেছে তারা।
সুত্রঃ পার্সটুডে
