রাজবাড়ীতে চিকিৎসককে গণধর্ষণ, ৩ যুবকের ফাঁসি
রাজবাড়ীর বসন্তপুরে এক চিকিৎসক তরুণীকে গণধর্ষণের ঘটনায় তিন যুবককে ফাঁসি এবং প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২ সেপ্টম্বর) দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক নিগার সুলতানা এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের দত্তপাড়া গ্রামের আরশাদ মোল্লার ছেলে মামুন মোল্লা (২০), সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের মৃত মুন্নাফ সরদারের ছেলে হান্নান সরদার (৩০) ও একই গ্রামের মৃত আবুল মোল্লা ছেলে রানা মোল্লা (২৫)।
রাজবাড়ীর পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট উজিন আলী শেখ এবং নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের এপিপি এ্যাডভোকেট উমা সেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মুন্সিগঞ্জ থেকে আসা এক চিকিৎসক তরুণী ২০১৮ সালের ২৫ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এসে নামেন। তিনি ফরিদপুরে যাওয়ার জন্য গাড়ির সন্ধান করছিলেন। সে সময় এক অটোরিকশা চালক ওই তরুণীকে বলে এখান থেকে ফরিদপুরের গাড়ি পাওয়া যাবে না। আমার অটোতে ওঠেন শিবরামপুর গেলে ফরিদপুরের গাড়িতে উঠিয়ে দেবো। এসময় তরুণী অটোরিক্সায় উঠেন।
অটোরিক্সায় চালক ছাড়াও আরো দুজন যুবক বসা ছিল। এরপর গোয়ালন্দ মোড়-শিবরামপুরের মাঝামাঝি বসন্তপুর এলাকার নির্জন জায়গায় অটোটি দাঁড় করিয়ে চালকসহ তিনজন মিলে রাস্তার পাশে নিয়ে তরুণীকে গণধর্ষণ করে। অবস্থা বেগতিক দেখে সে সময় তরুণীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে এবং ওই তিনজন যুবক অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা বিষয়টি র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যদের অবহিত করে। র্যাব সদস্যরা ওই তরুণীকে উদ্ধার করার পাশাপাশি ওই ধর্ষক তিনজন যুবককে ওই রাতেই গ্রেফতার করে রাজবাড়ী থানায় সোপর্দ করে। এ ঘটনায় ওই তরুণী রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে চাঞ্চল্যকর এ ঘটনায় আজ আসামিদের উপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেন।
