শিপ্রার বিরুদ্ধে করা মামলায় রামু থানার ওসির ক্ষমা প্রার্থনা
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের ঘটনায় শিপ্রা দেবনাথের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলায় দুটি জব্দ তালিকা তৈরি এবং একটির সঙ্গে অপরটির মিল না থাকায় আদালতের কাছে নিজের ভুল স্বীকার নিঃশর্ত ক্ষমা চেয়েছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোছাইনের আদালতে ক্ষমা প্রার্থনা করেন ওসি আবুল খায়ের।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবি এম এ বারী ঢাকা ট্রিবিউনকে এ তথ্য জানান।
আদালত সূত্রে জানা গেছে, সিনহা হত্যার পর তাদের অবস্থান করা নীলিমা রিসোর্ট থেকে তাদের ২৯টি সামগ্রী জব্দ করে রামু থানা পুলিশ। কিন্তু এই ঘটনায় দুটি জব্দ তালিকা তৈরি করা হয়। দুটির মধ্যে অমিল থাকায় ব্যাখ্যা জানতে আদালত ওসি আবুল খায়েরকে তলব করেন।
যার পরিপ্রেক্ষিতে আদালতে উপস্থিত হয়ে ভুল স্বীকার করেন তিনি। একইসঙ্গে তিনি লিখিতভাবে শোকজের জবাবও জমা দিয়েছেন।
প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবুনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশি চৌকিতে গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ।
