ব্রেকিং নিউজঃ

বন্যায় ভেসে গেছে ১৩২৩ কোটি টাকার ফসল

এবারের বন্যায় সারা দেশে মোট এক হাজার ৩২৩ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে আজ বুধবার জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।

এবারের বন্যায় ৩৭টি জেলায় সর্বমোট এক হাজার ৩২৩ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। বন্যার পানিতে তলিয়ে যাওয়া ফসলি জমির পরিমাণ দুই লাখ ৫৭ হাজার ১৪৮ হেক্টর। এর মধ্যে ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ এক লাখ ৫৮ হাজার ৮১৪ হেক্টর। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ১২ লাখ ৭২ হাজার ১৫১ জন।

আজ বুধবার কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে বন্যায় ফসলের ক্ষয়ক্ষতির বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।

সংবাদ সম্মেলনে কৃষি সচিব মো. নাসিরুজ্জামান, অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. আরিফুর রহমান অপু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুল মুঈদ উপস্থিত ছিলেন।

কৃষিমন্ত্রী জানান, বন্যায় ৩২ হাজার ২১৩ হেক্টর জমির আউশ ধান, ৭০ হাজার ৮২০ হেক্টর জমির আমন ধান এবং সাত হাজার ৯১৮ হেক্টর জমির আমন বীজতলার ক্ষতি হয়েছে। এই হিসাবে ৩৩৪ কোটি টাকার আউশ ধান, ৩৮০ কোটি টাকার আমন ধান, ২৩৫ কোটি টাকার সবজি, ২১১ কোটি টাকার পাটের ক্ষতি উল্লেখযোগ্য।

বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষতি পুষিয়ে যেন আবার ঘুরে দাঁড়াতে পারে সেজন্য বিভিন্ন প্রণোদনার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, এরইমধ্যে ১৭ কোটি ৫৪ লাখ টাকার কৃষি উপকরণ দুই লাখ ৩৯ হাজার ৬৩১ জন ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে। এর আওতায় স্বল্পমেয়াদি ও মধ্যমেয়াদি বিভিন্ন শাকসবজি চাষের জন্য প্রায় ১০ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে এক লাখ ৫২ হাজার কৃষককে লালশাক, ডাটাশাক, পালং শাক, বরবটি, শিম, শশা ও লাউবীজসহ বিভিন্ন ধরনের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

আবদুর রাজ্জাক জানান, আরো প্রায় ৭৫ কোটি টাকার প্রণোদনা কর্মসূচি প্রক্রিয়াধীন রয়েছে। এ অর্থ দিয়ে নয় লাখ ২৯ হাজার ১৯৪ জন ক্ষতিগ্রস্ত কৃষককে গম, সরিষা, চিনাবাদাম, সূর্যমুখী, খেসারী, পিঁয়াজ, মরিচ, টমেটো ইত্যাদি ফসল আবাদের জন্য বিনামূল্যে কৃষি উপকরণ সরবরাহ করা হবে।

মন্ত্রী জানান, কৃষকের ক্ষতি পুষিয়ে নিতে সবজি-পুষ্টি বাগান স্থাপন কর্মসূচির আওতায় ৩৭ কোটি ৩৬ লাখ ২২ হাজার টাকা ব্যয়ে ৬৪ জেলায় মোট এক লাখ ৪১ হাজার ৭৯২ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার সহায়তা প্রদান করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031