সিনহা হত্যায় গণশুনানি শুরু করেছে তদন্ত কমিটি
মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের খুনের ঘটনায় গণশুনানি শুরু হয়েছে। আজ রোববার টেকনাফের শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে তদন্ত কমিটি এই গণশুনানি করছে। সকাল ১০টা থেকে শুনানি হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে কিছুটা দেরিতে শুরু হয়েছে। জানা গেছে, শুনানিতে ১১ জন সাক্ষ্য দিতে এসেছেন। এ ছাড়া সাক্ষ্য দেওয়ার জন্য মাদ্রাসার একটি শিশুকেও আনা হয়েছে।
শুনানির স্থানটি ঘটনাস্থলের খুব কাছে মেরিন ড্রাইভ লাগোয়া। সকাল থেকেই এখানে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। র্যাব, পুলিশ ও সেনাসদস্যরা সকাল থেকে এখানে অবস্থান নেন। আশপাশ থেকে উৎসুক অনেক লোক এখানে ভিড় করেছেন।
চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার মিজানুর রহমানের নেতৃত্বে তদন্ত কমিটি গণশুনানি করছে।
এর আগে ১২ আগস্ট তদন্ত কমিটির সদস্য কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহা. শাহজাহান আলী একটি গণবিজ্ঞপ্তি জারি করেন। এতে তিনি বলেন, ৩১ জুলাই আনুমানিক রাত নয়টায় পুলিশের গুলিবর্ষণে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান নিহত হন। এ ঘটনার সুষ্ঠু তদন্তে কমিটি গণশুনানির আয়োজন করেছে।
