সাবেক সেনা কর্মকর্তা হত্যাকাণ্ড: তদন্ত কমিটির কর্মপরিকল্পনা চূড়ান্ত
টেকনাফের শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো: রাশেদ নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির আহবায়ক ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, ‘আজ থেকে তদন্ত কমিটি কাজ শুরু হয়েছে। এজন্য কমিটির অন্যান্য সদস্যসহ সংশ্লিষ্টদের নিয়ে দিনব্যাপী বৈঠক করিছি। বৈঠকে আমরা তদন্তের স্বার্থে কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছি। বিশেষ করে মাঠ পর্যায়ে যেখানে যেখানে যেতে হবে। যার যার সাথে কথা বলা দরকার তাদের সাথে কথা বলব। পুরো তদন্ত কাজটি করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেয়া হবে।’
কমিটিতে আছেন, ১০ পদাতিক ডিভিশনের জিওসি মনোনীত প্রধানমন্ত্রীর কার্যালয়ের লে. কর্নেল সাজ্জাদ, চট্টগ্রামের ডিআইজি মনোনীত অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন এবং কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাজাহান আলি।
উচ্চ পর্যায়ের এই কমিটি বৈঠকের পর প্রয়োজনে তথ্য ও সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে বলেও জানানো হয়েছে।
গত শুক্রবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে প্রধান করে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন ও নিরাপত্তা বিভাগ।
একইভাবে তদন্তের স্বার্থে টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকত আলিসহ ১৬ জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
