ব্রেকিং নিউজঃ

বন্যার্তদের পাশে দাঁড়ান: নেতাকর্মীদের প্রতি খালেদা জিয়া

দলের সকল নেতাকর্মীকে বন্যার্তদের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ঈদুল আজহার দিন শনিবার (১ আগস্ট) রাতে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎ শেষে বাসভবনের বাইরে সাংবাদিকদের কাছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় প্রধানের এই বার্তার কথা জানান। মির্জা ফখরুল বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে জনগণের পাশে যেভাবে দাঁড়ানো হয়েছে সেভাবে বন্যার পর ত্রাণ ও পুনর্বাসনের ক্ষেত্রে যতটুকু সম্ভব নেতাকর্মীদের দুর্গতদের পাশে দাঁড়াতে বলেছেন বিএনপি চেয়ারপারসন।

বিএনপি মহাসচিব বলেন, ম্যাডাম এত অসুস্থ নিজে বাসার নিচে নামতে পারেন না। হাঁটতেও পারেন না। তার এখনো খাওয়া-ধাওয়ায় সমস্যা, খেতেও সমস্যা হচ্ছে। ম্যাডামের উন্নত চিকিৎসা যেটা প্রয়োজন সেটা হচ্ছে না। হাসপাতালেও যাওয়া যাচ্ছে না এখানে যে পরিস্থিতি চলছে। সব মিলিয়ে তার শারীরিক অবস্থা ভালো না।

বিএনপি চেয়ারপারসনের কী কথা হয়েছে জানতে চাইলে ফখরুল বলেন, আমরা কথা বলেছি, ঈদের দিনে যেসব কথা বলা হয়। এতদিন ধরে আমরা একসঙ্গে কাজ করছি, সবার সুখে-দুঃখের কথাবার্তা আছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, করোনা সংক্রমণের যে বর্তমান অবস্থা, বন্যার যে বর্তমান অবস্থা, দেশের অর্থনীতির যে পরিণতি হতে যাচ্ছে- সে সম্পর্কে আলোচনা হয়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষেরা তাদের যে নিদারুণ কষ্ট আর কিছুদিন পরে কী অবস্থা দাঁড়াবে সে নিয়ে কথা হয়েছে।

আলোচনার বেশির ভাগ সময় ছিল কোভিড-পরবর্তী পরিস্থিতি অবস্থা ও বন্যা-পরবর্তী অবস্থা কী হবে, সেসব নিয়ে আলোচনা হয়েছে। যেহেতু শোনা যাচ্ছে এবার বন্যা লংটার্ম থাকবে, তাহলে দেশের বন্যাকবলিত মানুষেরা কীভাবে পুনর্বাসিত হবে, কৃষকেরা কীভাবে টিকে থাকবে- সেসব নিয়ে আলোচনা হয়েছে।

গুলশানে খালেদা জিয়ার বাসা ফিরোজায় রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত এই সাক্ষাৎ হয়। ফিরোজায় প্রবেশের পর নেতারা পিপিই পড়ে দোতলায় ড্রয়িং রুমে বসেন। সেখানে এই সাক্ষাৎ হয়।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে ৬ মাসের সাজা স্থগিত হলে মুক্ত হওয়ার পর প্রথমবারের মতো গত ২৫ মে ঈদুল ফিতরের দিন স্থায়ী কমিটির সদস্যদের খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ হয়েছিল।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930