হাইকোর্টে স্থায়ী হলেন ১৮ বিচারপতি
বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের ১৮ জন অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগ বিচারপতিদের শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। গতকাল শুক্রবার আইন মন্ত্রণালয় থেকে তাদের স্থায়ী নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।
২০১৮ সালের ৩০ মে এই ১৮ জনকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয় রাষ্ট্রপতি। দুই বছর অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের পর তাদের স্থায়ী নিয়োগ দেওয়া হলো।
স্থায়ী হওয়া ১৮ বিচারপতি হলেন মো. আবু আহমেদ জমাদার, এএসএম আব্দুল মোবিন, মো. মোস্তাফিজুর রহমান, ফাতেমা নজীব, মো. কামরুল হোসেন মোল্লা, এসএম কুদ্দুস জামান, মো. আতোয়ার রহমান, খিজির হায়াত, শশাঙ্ক শেখর সরকার, মোহাম্মদ আলী, মহিউদ্দিন শামীম, মো. রিয়াজ উদ্দিন খান, মো. খায়রুল আলম, এসএম মনিরুজ্জামান, আহমেদ সোহেল, সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, খোন্দকার দিলীরুজ্জামান ও কেএম হাফিজুল আলম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে এ নিয়োগ দিয়েছেন।
