করোনায় জাসদ নেতার বাচ্চুর মৃত্যু
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় পাবনার ঈশ্বরদী উপজেলা জাসদ নেতা বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাচ্চু (৬৮) মারা গেছেন। বুধবার রাত সাড়ে ১২ টার দিকে তিনি মারা যান। তিনি পাবনার ঈশ্বরদী উপজেলা জাসদের সভাপতি ও ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ছিলেন।
নিহতের ছেলে তন্ময় সাংবাদিকদের জানান, গেল ৫ মে তিনি কিডনি রোগ ও উচ্চ রক্তচাপ নিয়ে ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে ১১ মে চিকিৎসাধীন অবস্থায় তাঁর করোনা ভাইরাস পজিটিভ আসলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) ভর্তি করা হয়।
এরপর চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান। এছাড়াও র্দীঘদিন থেকে সে ডায়াবেটিসে আক্রান্ত ছিল। তার দাফন মিরপুর বুদ্ধিজীবি কবরস্থানে করা হবে বলে জানা গেছে। তিনি পাবনার ঈশ্বরদী বিমানবন্দর সড়কের রহিমপুরের খলিলের মোড় এলাকার বাসিন্দা। তাঁর স্ত্রী ও দুই ছেলে রয়েছে।
এদিকে তাঁর মৃত্যুতে জাসদের পাবনা জেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম রাঙা, সাধারণ সম্পাদক এড. নাজমুল কাবী শিন্টু, পাবনা সদর উপজেলা জাসদের সভাপতি আল মাহমুদ নিটু, পাবনা পৌর জাসদের সভাপতি নূর উজ জামান খোকন, ঈশ্বরদী উপজেলা জাসদের সভাপতি সৈয়দ সায়েম সাজ্জাদ রাঙা, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম বিশ্বাস, পাবনা জেলা যুব জোটের সভাপতি সাইদুর রহমান পিন্টু এবং পাবনা জেলা ছাত্রলীগ-বিসিএলের সভাপতি হাসান আজিজ জনি এক বিবৃতিতে গোলাম মোস্তফার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
