দেশের মানুষ গৃহবন্দি হয়ে না খেয়ে কষ্ট পাচ্ছে: জি এম কাদের
দেশের মানুষ আজ গৃহবন্দি হয়ে না খেয়ে কষ্ট পাচ্ছে। খাবার দিতে না পারেন তাদের ঘরে আটকে রাখবেন না। স্বাস্থ্য বিধি মেনে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন। সঠিক ও নিয়ম মাফিক জনগন ত্রাণ পায় না। লুটপাট হয়ে যায় সাধারণ মানুষের অধিকারের ত্রাণ। যারা ত্রাণ চুরির সাথে জড়িত তাদের শুরু বরখাস্ত করলে হবে না। কঠোর শাস্তির আওতায় আনতে হবে।
বুধবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাব লাল মাহমুদ হাফেজিয়া মাদ্রাসা মাঠে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন অসহায় গরীবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এসব কথা বলেন।
তিনি বলেন- যে কোন দুর্যোগ, দুঃসময়ে জাতীয় পার্টি সবার আগে দেশের মানুষের পাশে দাড়ায়, মহামারী করোনাতেও যখন চিকিৎসকরা, সাংবাদিকরা সুরক্ষা সামগ্রী পাচ্ছিলো না। জাতীয় পার্টি সাধ্যনুসারে সে চাহিদা পুরন করেছে।
জিএম কাদের আরো বলেন, কোন রাজনৈতিক দলের পক্ষে সবার চাহিদা পূরন করা সম্ভব নয়। রাষ্ট্রের সম্পদ থাকে সরকারের হাতে, তাই সরকারের কর্তব্য দেশের মানুষের ক্ষুধা নিবারন করা।
জাতীয় পার্টির কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের ব্যবস্থাপনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য আলহাজ সাইফুদ্দিন মিলন, জাতীয় পার্টির উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, জিএম কাদেরের উপদেষ্টা জয়, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মীর আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি হান্নান শাহ, কাঞ্চন পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলী হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন প্রমুখ।
