ব্রেকিং নিউজঃ

ঢাকায় এলো স্বপ্নের মেট্রোরেলের কোচ বাস্তবে

জাপানের মিৎসুবিশি ও কাওয়াসাকির তৈরি স্বপ্নের মেট্রোরেলের কোচ ঢাকায় এসে পৌঁছেছে। তবে এই কোচটি যাত্রী টানার জন্য নয়। আনা হয়েছে স্রেফ প্রদর্শন করার জন্য।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কোচটি উত্তরার দিয়াবাড়িতে প্রদর্শন করার জন্য মোড়ক খোলা হয়েছে।

জানা গেছে, এই কোচটি সাধারণত আনা হয়েছে মেট্রোরেলের যাত্রীরা কিভাবে এটি ব্যবহার করবে সে সম্পর্কে একটা ধারণা দিতে। মূল কোচের আদলেই এটি তৈরি করা হয়েছে। অর্থাৎ মূলকোচগুলো যে উপাদান দিয়ে যেভাবে তৈরি করা হবে এটিও সেভাবেই তৈরি করা হয়েছে। তবে এই কোচটি মূল পরিবহন বহরে যুক্ত হবে না।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট লিমিটেড (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক গণমাধ্যমকে জানান, এই কোচটি যাত্রী সাধারণের জন্য আগামী মাস থেকেই উন্মুক্ত করা হবে। আর যাত্রীবাহী মূল কোচগুলো আগামী ১৫ জুন বাংলাদেশে এসে পৌঁছাবে বলে তিনি জানান।

তিনি বলেন, গত একবছর ধরে জাপানের মিৎসুবিশি ও কাওয়াসাকি এগুলো তৈরি করেছে। দেশে আসার পর এগুলো অপারেশন কন্ট্রোল সেন্টার (ওসিসি) এর সঙ্গে মিলে চলতে পারছে কিনা তার জন্য ট্রায়াল রান দেওয়া হবে। উত্তরায় মেট্রোরেলের যে তথ্যকেন্দ্র নির্মাণ করা হচ্ছে সেখানে এই কোচ সাধারণ মানুষের দেখার ও কিভাবে এই মেট্রোরেল ব্যবহার করবে তা শেখার জন্য রাখা হবে।

২০২১ সালে বিজয়ের মাসে মেট্রোরেলে মানুষ উঠবে বলে আশা প্রকাশ করেন ডিএমটিসিএলের ম্যানেজিং ডিরেক্টর। তিনি বলেন, সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। দেশে আসা মেট্রোরেল ট্রেন সেট জাতীয় পতাকার রঙে সাজানো থাকবে। অর্থাৎ মেট্রো কোচে লাল সবুজের প্রলেপ থাকবে। পুরো ট্রেন সেট বাংলাদেশের উপযোগী করার জন্য স্টেনলেস স্টিলের ব্যবহার করা হয়েছে। কোচের গ্লাস বুলেটপ্রুফ থাকবে।

মেট্রোরেলের একেকটি কোচ একবারে ১ হাজার ৭৩৮ জন যাত্রী বহন করতে পারবে। তবে বেশিরভাগ যাত্রীকে দাঁড়িয়ে যেতে হবে। দাঁড়ানোর জন্য সুব্যবস্থা থাকবে ট্রেনের ভেতর। প্রতিটি কোচের দুদিকে চারটি দরজা থাকবে, সিটের ধরন হবে লম্বালম্বি। প্রতিটি কোচে হুইলচেয়ারের ব্যবস্থা থাকবে। প্রতিটি ট্রেনের ছয়টি কোচের মধ্যে একটি কোচ শুধুমাত্র নারীদের জন্য সংরক্ষিত থাকবে। বাকি সবগুলোতে নারী-পুরুষ একসঙ্গে যেতে পারবেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930