ব্রেকিং নিউজঃ

রামিসা হত্যার বিচারের দাবিতে উত্তাল কালশী, সড়ক অবরোধে জনবিক্ষোভ

রাজধানীর মিরপুরের পল্লবীতে ৭ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কালশী মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ক্ষুব্ধ এলাকাবাসী সড়কে নেমে এসে খুনিদের সর্বোচ্চ শাস্তি, বিশেষ করে প্রধান অভিযুক্ত সোহেল রানার ফাঁসির দাবি জানান।

এর আগে একই দিন সকালে পল্লবী থানা ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দা ও রামিসার সহপাঠীরা। তারা থানার সামনে জড়ো হয়ে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনও এ ঘটনার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করে।

ঘটনাটি ঘিরে পুরো রাজধানীজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের মহিলা বিভাগের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন থেকে দোষীদের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

অন্যদিকে নোয়াখালী ও শেরপুরেও স্থানীয় সংগঠন ও সাধারণ মানুষ পৃথকভাবে মানববন্ধন করে একই দাবি তুলে ধরেন। সর্বত্র একটাই স্লোগান, শিশু রামিসার হত্যার দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করা।

এরই মধ্যে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে প্রধান অভিযুক্ত সোহেল রানা ভয়াবহ হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা দেন। তিনি জানান, ঘটনার সময় তিনি মাদক সেবন করেছিলেন এবং শিশুটির পরিবারের সঙ্গে তার কোনো পূর্বশত্রুতা ছিল না।

জবানবন্দির পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। একই সঙ্গে তার স্ত্রী স্বপ্না আক্তারকেও কারাগারে পাঠানো হয়।

স্থানীয়দের দাবি, এমন নৃশংস ঘটনার দ্রুত বিচার না হলে সমাজে নিরাপত্তাহীনতা আরও বাড়বে। তাই তারা কঠোর শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে এবং দ্রুত আইনি প্রক্রিয়ায় বিচার সম্পন্নের আশ্বাস দেওয়া হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031