করোনায় আক্রান্ত হলেই মার্কিন সেনাবাহিনীতে আর যোগ্য হবে না
মার্কিন সামরিক বাহিনীতে প্রবেশের ক্ষেত্রে নতুন নিয়োগ বিধি চালু হচ্ছে। নতুন আইনে কেউ যদি একবার করোনায় আক্রান্ত হয় তাহলে সুস্থ হলেও সে আর সেনাবাহিনীতে যোগ দিতে পারবে না। পেন্টাগনের কাছে ইউএস মিলিটারি এন্ট্রান্স প্রসেসিং কমিশনের পাঠানো এক রিক্রুটমেন্ট মেমো থেকে এ তথ্য জানা গেছে।
মেমোটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং বুধবার মিলিটারি টাইমসে রিক্রুটমেন্ট মেমোটি প্রথম প্রকাশিত হয়েছিল। পরে পেন্টাগনের মুখপাত্র জেসিকা ম্যাক্সওয়েল মেমোটি সঠিক বলে নিশ্চিত করেছেন।
মেমো অনুসারে, সারা দেশে ৬৫টি সামরিক প্রবেশ প্রক্রিয়াকরণ স্টেশন (এমইপিএস) তালিকাভুক্ত নিয়োগকারীদের চিকিৎসার যোগ্যতা নির্ধারণের জন্য নতুন নির্দেশিকা কার্যকর করবে। নতুন প্রবেশের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর হবে। করোনায় আক্রান্ত কেউ সুস্থ হলেও আর সেনাবাহিনীতে যোগ দেওয়ার যোগ্য হবে না।
মিলিটারি টাইমসের মতে, এখন থেকে যারা নতুন নিয়োগ পাবেন তাদের শরীরের তাপমাত্রা নেওয়া হবে এবং যারা কভিড -১৯ পজিটিভ হয়েছিলেন বা যাদের মাঝে করোনার লক্ষণ পাওয়া যাবে তাদের সনাক্ত করা হবে এবং সেনাবাহিনীতে নিয়োগের অযোগ্য ঘোষণা করা হবে।
তবে কভিড-১৯ থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিরা কেন সেনাবাহিনীতে অযোগ্য হবে সে বিষয়টি স্পষ্ট নয়। বিজনেস ইনসাইডারের পক্ষ থেকে পেন্টাগনের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হলেও এ বিষয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
স্টারস অ্যান্ড স্ট্রিপসের দেওয়া তথ্য অনুসারে, এপ্রিল পর্যন্ত ১৫০০ মার্কিন সেনা সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তবে কোন সেনা সদস্যের মৃত্যু হয়েছে কিনা সেটা উল্লেখ করা হয়নি। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশগুলোর একটি মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এরই মধ্যে সাড়ে ১২ লাখেরও বেশি মানুষ মারণ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে প্রায় ৭৫ হাজার মানুষের। সূত্র- বিজনেস ইনসাইডার।
