ব্রেকিং নিউজঃ

জাল ভোট ও কেন্দ্র দখলের আশঙ্কা আছে: ফয়জুল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনের হাতপাখা মার্কার প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, জামায়াত আমাকে ছাড়া কাকে ভোট দেবে? জামায়াত আল্লাহর আইন চায়, আমিও আল্লাহর আইন চাই সুতরাং তারা আমাকে ভোট দেবে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় নির্বাচনকালীন পরিস্থিতি, রাজনৈতিক সমীকরণ এবং নিজের নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন হাতপাখা প্রতীকের এই প্রার্থী। সংবাদ সম্মেলনে ফয়জুল করিম বলেন, জামায়াতের নির্বাচনী ইশতেহারে ইসলাম নেই। আমরা ইসলামের পক্ষে একটি আলাদা নির্বাচনি বক্স চেয়েছিলাম। কিন্তু তাদের ইশতেহারে ইসলামের কথা স্পষ্ট না থাকায় আমরা তাদের সঙ্গে জোট ভেঙে দিয়েছি। তবে ভোটের মাঠে জামায়াতের সমর্থন প্রসঙ্গে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন,আদর্শগত কারণে জামায়াতের কর্মী-সমর্থকরা আমাকে ছাড়া অন্য কাউকে ভোট দেবে এটা আমি মনে করিনা। নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, নির্বাচনে বহু ইঞ্জিনিয়ারিং, জাল ভোট ও কেন্দ্র দখলের আশঙ্কা রয়েছে। ভোটের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত আমি শঙ্কামুক্ত হতে পারবো না। তিনি আরও অভিযোগ করেন, বরগুনায় ভোট চাইতে গিয়ে তাঁদের এক নেতাকে মারধর করা হয়েছে এবং পটুয়াখালীতে আরেক নেতার পা ভেঙে দেওয়া হয়েছে। প্রশাসনের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, কোনো অবস্থাতেই যেন ভোটের পরিবেশ নষ্ট না হয়। মানুষ যেন নির্ভয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে।  নিজের নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে ফয়জুল করিম বলেন, যাকে নির্বাচিত করলে চাঁদাবাজি থাকবে না, গুন্ডামি-মাস্তানি থাকবে না তাকেই ভোট দিন। আমি নির্বাচিত হলে বরিশাল থেকে চাঁদাবাজি উৎখাতের সর্বোচ্চ চেষ্টা করবো। তিনি আরও বলেন,আমাকে নির্বাচিত করলে প্রশাসনের সঙ্গে আলোচনা করে মিথ্যা মামলা প্রত্যাহারের উদ্যোগ নেব। বিগত দিনের অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সম্পন্ন করব এবং হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সব ধর্মের মানুষকে নিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ বরিশাল গড়ে তুলব। ভোটগ্রহণের দিন প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, কেউ যেন ব্যালট পেপার কেড়ে নিয়ে ভোট দিতে না পারে এ বিষয়টি প্রশাসনকে কঠোরভাবে নিশ্চিত করতে হবে। নির্বাচনের সামগ্রিক পরিবেশ প্রসঙ্গে ফয়জুল করিম বলেন, রেজাল্ট ঘোষণার আগপর্যন্ত আমি কোনোভাবেই বলব না যে নির্বাচনের মাঠ সঠিক আছে কি না। ভোট শেষ হলেই প্রকৃত চিত্র বোঝা যাবে। সংবাদ সম্মেলনে তিনি ভোটারদের প্রতি আহবান জানিয়ে বলেন, বরিশালকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত করতে হলে হাতপাখা মার্কায় ভোট দিয়ে সৎ নেতৃত্বকে বিজয়ী করুন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

February 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
2728