ব্রেকিং নিউজঃ

ঢাকার প্রচারে তারেক রহমান, এলাকার সন্তান পরিচয়ে চাইলেন ধানের শীষে ভোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীতে শেষ পর্যায়ের প্রচার শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা–১৭ আসনের ধানের শীষের প্রার্থী তারেক রহমান।

নিজেকে এলাকার সন্তান হিসেবে তুলে ধরে তিনি ভোটারদের কাছে সরাসরি ভোট চান এবং বিএনপি ক্ষমতায় এলে ঢাকাকে নিরাপদ ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

ঢাকা–১৭ আসনে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে রোববার (৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর মিরপুর ইসিবি চত্বরে একটি পথসভা করেন তারেক রহমান।

বক্তব্যের শুরুতেই তিনি এলাকাবাসীর সঙ্গে নিজের শৈশব ও পারিবারিক স্মৃতির কথা তুলে ধরেন। বলেন, তিনি ছোটবেলা থেকে এই এলাকায় বড় হয়েছেন এবং তাঁর পরিবারও এই এলাকার সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত।

পথসভায় তারেক রহমান বলেন, “আমি এই এলাকারই সন্তান। এখানেই বড় হয়েছি। আমার এবং আমার ভাইয়ের সন্তানরা এখানে জন্মগ্রহণ করেছে।

আমাদের বিয়েও এই এলাকায় হয়েছে। তাই এলাকার সন্তান হিসেবে আজ আমি ধানের শীষের জন্য ভোট চাইছি।” তিনি মা-বোন ও ভাইদের উদ্দেশে ধানের শীষকে জয়যুক্ত করার আহ্বান জানান।

রাজধানীর ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে ঢাকাকে নিরাপদ নগর হিসেবে গড়ে তোলা হবে।

“এমন একটি ঢাকা চাই, যেখানে মানুষ নিরাপদে চলাচল করতে পারবে, মা-বোনেরা যেকোনো সময় নিশ্চিন্তে বাইরে যেতে পারবেন এবং মানুষ বুক ভরে শ্বাস নিতে পারবে,” বলেন তিনি।

উন্নয়ন প্রতিশ্রুতির অংশ হিসেবে তারেক রহমান জানান, বিএনপি ক্ষমতায় গেলে ঢাকা মহানগরজুড়ে অন্তত ৪০টি খেলার মাঠ তৈরি করা হবে।

তাঁর ভাষায়, এসব মাঠ শিশুদের খেলাধুলা ও প্রবীণদের হাঁটাচলার সুযোগ তৈরি করবে। পাশাপাশি ইসিবি চত্বর থেকে উত্তরা জসিম উদ্দিন সড়ক পর্যন্ত বিদ্যমান রাস্তা প্রশস্ত করার অঙ্গীকারও করেন তিনি।

তারেক রহমান আরও বলেন, “ইনশা আল্লাহ, আপনাদের দোয়ায় ১২ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠন করলে শুধু এই এলাকা নয়, পুরো ঢাকাকেই মানুষের বসবাসের উপযোগী শহর হিসেবে গড়ে তুলবো।” বক্তব্যের শেষ দিকে আবারও তিনি এলাকার সন্তান পরিচয়ে ধানের শীষের পক্ষে ভোট চান।

পথসভায় ঢাকা–১৭ আসনে ধানের শীষের প্রধান নির্বাচনী সমন্বয়ক আবদুস সালাম, ডা. ফরহাদ হালিম ডোনারসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন। দুপুরের পর থেকেই নেতাকর্মীরা মিছিল নিয়ে ইসিবি চত্বরে জড়ো হন এবং বিকেল সাড়ে ৩টার দিকে তারেক রহমান বক্তব্য শুরু করেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31