ব্রেকিং নিউজঃ

খালেদা জিয়ার জানাজা বুধবার, দাফন হবে জিয়াউর রহমানের পাশে

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। জানাজার পর রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে তার স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে দাফন করা হবে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এসব তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে গণমাধ্যমে কথা বলতে গিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বুধবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর শেরেবাংলা নগরে তাকে সমাহিত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬টায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতায় ভুগছিলেন খালেদা জিয়া। শ্বাসকষ্ট দেখা দিলে ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিদেশে নেওয়ার উদ্যোগ থাকলেও তা সম্ভব হয়নি।

মৃত্যুর সময় হাসপাতালে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সেখানে ছিলেন। এই খবরে হাসপাতালজুড়ে শোকের আবহ তৈরি হয়। চিকিৎসক ও নার্সদের অনেককে আবেগ ধরে রাখতে দেখা যায়নি।

খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পর তিনি মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবেও পরিচিত।

রাজনৈতিক জীবনে তিনি আপসহীন অবস্থানের জন্য পরিচিত ছিলেন। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে রাষ্ট্রক্ষমতায় থাকা এবং বিরোধী দলে নেতৃত্ব দেওয়া, প্রতিটি পর্যায়ে তিনি ছিলেন দৃঢ় ও অনড়।

তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমেও দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ শোক ও শ্রদ্ধা জানাচ্ছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930