ব্রেকিং নিউজঃ

গভীর ষড়যন্ত্র’ চলছে নির্বাচনকে ভিন্ন খাতে নেওয়ার : মির্জা ফখরুল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘গভীর ষড়যন্ত্র’ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করার চেষ্টা করা হচ্ছে এবং এমন পরিস্থিতিতে দেশের শিক্ষক সমাজকে সজাগ থাকতে হবে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে বিএনপি-সমর্থিত শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আয়োজিত এক মহাসমাবেশে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, “আপনাদের বলতে চাই—আসন্ন নির্বাচনে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে, সেই নির্বাচনকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার। কেউ যেন সেটাকে অন্য খাতে পরিচালিত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।”

তিনি বলেন, “আমাদের লক্ষ্য একটাই—শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। আমাদের দেশ একটাই, আমাদের পথ একটাই—সেটা হচ্ছে বাংলাদেশ।”

রাজনৈতিক প্রেক্ষাপটে এখনকার নির্বাচনকে ঘিরে নানা মতবিরোধের কথা উল্লেখ করে বিএনপি মনে করছে, বিভিন্ন পক্ষ থেকে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। ফখরুল বলেন, “এমন পরিস্থিতিতে শিক্ষক সমাজকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তারা যেন ভোটের পরিবেশ নষ্টের কোনো ষড়যন্ত্র সফল হতে না দেন।”

শিক্ষা সংস্কার ও পেশাগত দাবি নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, “বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা, নন-এমপিও প্রতিষ্ঠানের এমপিওভুক্তকরণ, অবসর বয়স ৬৫ বছর নির্ধারণ ও শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ—সব দাবিই আমাদের ৩১ দফার কর্মসূচিতে আছে। আমরা বিশ্বাস করি, শিক্ষকরাই পারেন একটি নৈতিক, আদর্শিক প্রজন্ম গড়ে তুলতে।”

তিনি আরও বলেন, “আপনারা আপনাদের ছাত্রছাত্রীদের এমনভাবে গড়ে তুলবেন, যেন তারা সত্যিকার অর্থেই নৈতিক ও আদর্শ নাগরিক হয়। আমরা সবাই মিলে যেন আধুনিক ও মানবিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারি, সেটিই আমাদের লক্ষ্য।”

মহাসমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে এবং অতিরিক্ত মহাসচিব জাকির হোসেনের সঞ্চালনায় আয়োজিত এ সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব মুগিসউদ্দিন চৌধুরী।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, আফরোজা বেগম রীতা ও কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031