ব্রেকিং নিউজঃ

গণঅধিকার পরিষদের সভাপতি

নূরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

গণঅধিকার পরিষদের সভাপতি ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা নুরুল হক নূরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন নূরের সহধর্মিণী মারিয়া আক্তার, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, নূরের শারীরিক অবস্থার বিষয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী মারিয়া আক্তার। তিনি জানান, নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, নাকের হাড় ভেঙেছে এবং তিনি চোয়াল ও মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়েছেন। সুচিকিৎসার জন্য তাকে অবিলম্বে বিদেশে নেওয়া প্রয়োজন।

এ সময় প্রধান উপদেষ্টা তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন নূরকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে। তিনি বলেন, “এ ঘটনায় আমরা সবাই স্তম্ভিত। তার চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।” একই সঙ্গে হামলার ঘটনাটির সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন তিনি।

সভায় আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন। আইন উপদেষ্টা জানান, এ ঘটনার তদন্তে বিচারপতি আলী রেজার নেতৃত্বে এক সদস্যবিশিষ্ট বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। আগামী বুধবার এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে এবং ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930