ব্রেকিং নিউজঃ

বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ হয়নি: ধর্ম উপদেষ্টা

বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করা হয়নি বলে নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি জানান, সৌদি কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো নিষেধাজ্ঞা জারি করেনি এবং বাংলাদেশি ওমরাহ যাত্রীরা আগের মতোই নির্ধারিত নিয়ম অনুযায়ী ভিসার আবেদন করতে পারবেন।

মঙ্গলবার (১৮ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা বলেন, “সাম্প্রতিক সময়ে কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে যে, বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আমরা বিষয়টি জানার পরই ঢাকাস্থ সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছি এবং তারা স্পষ্টভাবে জানিয়েছেন যে, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।”

তিনি আরও বলেন, “ধর্ম মন্ত্রণালয়ের সচিব সৌদি দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন এবং গত ১৩ মার্চ রাষ্ট্রদূতের কাছে একটি ডিও (দাপ্তরিক) পত্র পাঠানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সৌদি রাষ্ট্রদূত তার ফিরতি অডিও বার্তায় নিশ্চিত করেছেন যে, ওমরাহ ভিসা সংক্রান্ত কোনো নিষেধাজ্ঞা নেই।”

ধর্ম উপদেষ্টা বলেন, “বাংলাদেশি হজ ও ওমরাহ এজেন্সিগুলোকে সৌদি আরবের সংশ্লিষ্ট এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। সৌদি ওমরাহ এজেন্টরা যদি তাদের দেশের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করে, তাহলে ওমরাহ ভিসা ইস্যুর প্রক্রিয়া আরও সহজ হবে।”

তিনি আরও পরামর্শ দেন, “ওমরাহ যাত্রীদের হোটেল বুকিং, বিমান টিকিট এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ যথাযথ নিয়ম অনুসারে সম্পন্ন করতে হবে, যাতে কোনো প্রকার সমস্যা না হয়।”

ওমরাহ পালনে ইচ্ছুক যাত্রীদের জন্য বিমান সংস্থাগুলোর নেয়া পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, “বিমান বাংলাদেশ এয়ারলাইনস ইতোমধ্যে ঘোষণা দিয়েছে যে, যারা টিকিট কেটে ওমরাহে যেতে পারেননি, তারা নিয়ম অনুযায়ী টাকা ফেরত পাবেন। এছাড়া সৌদি এয়ারলাইনস জানিয়েছে, যারা রমজান মাসে যেতে পারেননি, তাদের ঈদুল ফিতরের পর এবং আগামী জুলাই মাসে ওমরাহ পালনের সুযোগ দেওয়া হবে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, “বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বিদেশিদের বর্ণনার মতো ব্যাপক নয়। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সরকার এ বিষয়ে সচেতন এবং আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নিচ্ছে।”

তিনি আরও বলেন, “কিছু মাজারে হামলার ঘটনা ঘটেছে, তবে সিসি ক্যামেরার মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ পদক্ষেপ নিচ্ছে।”

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930