ব্রেকিং নিউজঃ

রিটের বিষয়ে ভিন্ন তথ্য দিলেন সারজিস আলম

আওয়ামী লীগসহ ১১টি দলকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি না দিতে অন্তর্বর্তীকালীন নির্দেশনা চেয়ে সোমবার সুপ্রিম কোর্টে রিট করা হয়েছে।

তবে কয়েক ঘণ্টার ব্যবধানে এ বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছেন অন্যতম রিটকারী সারজিস আলম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা বলেছেন, রিটের বিষয় কমপ্লিট করে কাল–পরশুর মধ্যে তারা বিষয়টি গণমাধ্যমের সামনে নিয়ে আসবেন।

যদিও এদিন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের সোমবারের কার্যতালিকায় রিট দুটি ২৮৩ ও ২৮৪ নম্বর ক্রমিকে ছিল।

পরে বিকালে ফলাফলের ঘরে দেখা যায়, রিট দুটির বিষয়ে ‘আউট’ লেখা রয়েছে।

সংশ্লিষ্ট আইনজীবী সংবাদ মাধ্যমকে বলেছেন, রিট দুটি কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অবশ্য মঙ্গলবার হাইকোর্টের অপর একটি দ্বৈত বেঞ্চে রিটের ওপর শুনানি হতে পারে।

এদিকে সোমবার বিকালে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ প্রতিনিধিদল। সেখানে রিটকারী সারজিস আলমও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

সেখানে অন্যতম রিট আবেদনকারী সারজিস আলম সাংবাদিকদের বলেন, ‘গত ১৬ বছর যেভাবে মিথ্যা অভিযোগ করা হয়েছে, তা আমরা করতে চাই না।

আমরা এমনভাবে রিট করব যেন পুরো বাংলাদেশের মানুষ সব সময় তার সাক্ষী দেবে।

ওই রিটের এডিট থেকে শুরু করে যা কিছু রয়েছে, তা কমপ্লিট (সম্পূর্ণ) করে হয়তো আগামীকাল বা সর্বোচ্চ পরশু দিনের মধ্যে আমরা বিষয়টি গণমাধ্যমের সামনে নিয়ে আসব।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও আরেক রিটকারী হাসনাত আবদুল্লাহ দুপুরে নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে একই লেখা পোস্ট করেন।

সেখানে তারা জানান, দুটি রিট করেছেন। দল হিসেবে নিষিদ্ধ কিংবা নিবন্ধন নিষিদ্ধের কোনো কথা রিটে নেই।

এ বিষয়ে জানতে চাইলে সারজিস আলম সাংবাদিকদের বলেন, ‘‌একপ্রকার গুজব ও তথ্যের বিভ্রান্তির জন্য এই পোস্ট দিতে হয়েছে।

গুজব ও তথ্যের বিভ্রান্তি যখন আসছিল, তখন আমরা কী চিন্তা করছি, তা তুলে ধরার জন্য পোস্ট দেওয়া হয়েছে।

গণমাধ্যমে এসেছে নিষিদ্ধের কথা। আমাদের রিটের কোনো সিঙ্গেল লাইনে কোনো একটি দল বা আওয়ামী লীগের নিষিদ্ধ বা নিবন্ধন বাতিলের কথা নেই।

এ বিষয়ে মিথ্যা অপপ্রচার আটকানোর জন্য রিট করা এবং কী বিষয় হতে পারে, সে বিষয়টি আমরা সামনে নিয়ে এসেছি।’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930