ব্রেকিং নিউজঃ

আ.লীগের গুরুত্বপূর্ণ নেতাদের পলায়ন, সরকার কী বলছে?

আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত ও শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে যে প্রশ্নটি সামনে এসেছে সেটি হচ্ছে– দলটির অন্যান্য প্রভাবশালী নেতা, মন্ত্রী এবং আওয়ামী লীগ সরকারের অনুগত পুলিশ কর্মকর্তা ও ব্যবসায়ীরা কোথায় আছেন?

গত ১৮ই আগস্ট সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছিল ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ‘জীবন সংশয়ের আশঙ্কা থাকায়’ দেশের বিভিন্ন সেনানিবাসে ৬২৬ জনকে আশ্রয় দেওয়া হয়েছে।

কিন্তু এসব ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। ফলে বোঝা যাচ্ছে না সেনাবাহিনীর আশ্রয়ে যারা ছিলেন, তারা কি দেশ ত্যাগ করেছেন নাকি দেশের ভেতরেই আছেন।

সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কলকাতার একটি পার্কে বসে আছেন। শামীম ওসমানকে দিল্লিতে দেখা গেছে।

এছাড়া আওয়ামী লীগের শীর্ষস্থানীয় আরও কিছু নেতা ভারতে আশ্রয় নিয়েছেন কিংবা অন্যান্য দেশে চলে গেছেন বলে খবর প্রকাশিত হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় আওয়ামী লীগ সরকারের যে দুজনের বিরুদ্ধে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সরব ছিলেন তারা হলেন – তৎকালীন সড়ক পরিবহণ মন্ত্রী ওবায়দুল কাদের এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই দুই মন্ত্রীর পদত্যাগ দাবি করেছিল ছাত্ররা।

আওয়ামী লীগ সরকারে যারা প্রভাবশালী হিসেবে পরিচিত ছিলেন তাদের মধ্যে সালমান এফ রহমান এবং আনিসুল হক গ্রেফতার হয়েছেন। এছাড়া প্রভাবশালী হিসেবে পরিচিত অনেকেই এখনও গ্রেফতার হয়নি।

গ্রেফতার হওয়া সাবেক মন্ত্রীদের মধ্যে রয়েছেন শাজাহান খান, টিপু মুন্সী, আব্দুল মান্নান, সাবের হোসেন চৌধুরী, আসাদুজ্জামান নূর, দিপু মনি, জুনায়েদ আহমেদ পলক, সাধন চন্দ্র মজুমদার এবং সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।

রাজনৈতিক পর্যবেক্ষক মহিউদ্দিন আহমদ মনে করেন, আওয়ামী লীগের যেসব নেতা দেশ ছেড়ে গেছেন বলে বলা হচ্ছে, সেটি ‌‘সমঝোতার মাধ্যমে’ হতে পারে।

তিনি বলেন, সমঝোতার মাধ্যমে শেখ হাসিনাকে সেইফ এক্সিট দেওয়া হয়েছে। বিষয়টা আওয়ামী লীগের অন্য নেতাদের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে বলে ধারণা করা যায়।

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন, ক্যান্টনমেন্টে কারা আশ্রয় নিয়েছিল তাদের নামের তালিকা প্রকাশ করা উচিত।

মহিউদ্দিন আহমদ বলেন, ক্যান্টনমেন্ট সেনাবাহিনীর আশ্রয়ে কারা ছিলেন তাদের তালিকা আমরা জানি না। তারা তো ক্যান্টনমেন্ট থেকে এমনি এমনি চলে যায়নি। ক্যান্টনমেন্টে কেউ আশ্রয় নিতে গেলে তারা তো চাইলেই সেখান থেকে চলে আসতে পারে না। এটার জন্য একটা প্রক্রিয়া আছে।

সরকার কী বলছে?

অন্তর্বর্তী সরকারও স্বীকার করছে যে বিগত আওয়ামী লীগ সরকারের সাথে সম্পৃক্ত শীর্ষ পর্যায়ের অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছে।

গত পাঁচ অক্টোবর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, যারা পালিয়ে গেছে তারা পাঁচ আগস্ট থেকে সাত আগস্টের মধ্যে পালিয়ে গেছে। এই তিনদিনে সবচেয়ে বেশি পালিয়ে গেছে। এখন পালানোটা তাদের জন্য দুরূহ হয়ে গেছে। এখন পালাইতে গেলে শুধু পুলিশ বা বিজিবি তা না, জনগণই তাদের ধরে ফেলে। কিন্তু হ্যাঁ, পাঁচ, ছয়, সাত তারিখে অনেকে পালিয়ে গেছে। আমাদের দায়িত্ব তাদের গ্রেফতার করা, আপনাদেরও দায়িত্ব আমাদের ইনফরমেশন দেওয়া।

গত ১৮ই আগস্ট সামরিক বাহিনীর মুখপাত্র প্রতিষ্ঠান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর জানিয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের পর জীবন সংশয়ের আশঙ্কা থাকায় দেশের বিভিন্ন সেনানিবাসে ৬২৬ জনকে আশ্রয় দেওয়া হয়েছে। তাদের মধ্যে রাজনৈতিক ব্যক্তি, বিচারক ছাড়াও বড় অংশ পুলিশ বাহিনীর সদস্য ছিলেন।

পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় আশ্রয়প্রার্থীদের মধ্যে ৬১৫ জন নিজ উদ্যোগে চলে যান।

আইএসপিআর জানিয়েছিল, যারা আশ্রয় নিয়েছিল তাদের ২৪ জন রাজনৈতিক ব্যক্তিত্ব, ৫ জন বিচারক, ১৯ জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, ২৮ জন পুলিশ অফিসার, ৪৮৭ জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাসহ বিবিধ ১২ জন ও ৫১ জন পরিবার-পরিজনসহ (স্ত্রী ও শিশু) ৬২৬ জনকে দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়।

পরবর্তী সময়ে পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ৬১৫ জন স্ব-উদ্যোগে সেনানিবাস ত্যাগ করেন। আশ্রয় দেওয়া ব্যক্তিদের মধ্য থেকে এ পর্যন্ত ৪ জনকে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ বা মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031