ব্রেকিং নিউজঃ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশ ও শ্রীলংকার সঙ্গে ভারতের সম্পর্ক ‘ইতিবাচক ও গঠনমূলকই’ থাকবে।

এই সম্পর্ক নিয়ে আগে থেকে কিছু ভেবে নেওয়া ঠিক হবে না। তেমন ভাবনা কারও ভাবা উচিত নয়।

নিউইয়র্কে স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার) এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে কথা আলাপকালে এসব কথা বলেন তিনি।

জয়শঙ্কর বলেন, ‘সম্পর্ক নিয়ে আগাম কোনো ধারণায় উপনীত না হওয়ার অনুরোধ আমি সবাইকে করব। বিষয়টা এমন নয় যে ভারত তার সব প্রতিবেশী দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চাইছে।এভাবে চলেও না। এমনটা হয়ও না। এটা শুধু আমাদের (ভারত) নয়, সবার জন্য সমান সত্য।’

নিউইয়র্কে গতকাল ‘ইন্ডিয়া, এশিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড’ নামে এক আলোচনা সভার আয়োজন করে এশিয়াটিক সোসাইটি ও নিউইয়র্কের এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট। সেখানে অংশ নেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।সেই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জয়শঙ্কর।

জয়শঙ্করের কাছে এক সাংবাদিক প্রশ্ন রাখেন যে, বাংলাদেশ ও শ্রীলংকাকে ভারত শর্তহীন সাহায্য করেছে। ঋণ দিয়েছে। কিন্তু সেখানকার নতুন পরিবর্তিত সরকার মনে হচ্ছে ভারতবিরোধী।

জবাবে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, ‘দিনশেষে প্রতিটি প্রতিবেশীই তার নিজস্ব গতিতে নিজস্ব চিন্তাধারায় চলবে। আমরা তাদের বলব না যে তোমাদের প্রবাহ আমাদের পছন্দ অনুযায়ী হোক। তেমন বলা আমাদের ইচ্ছাও নয়। আজকের দুনিয়ায় এটাই সত্য। প্রতিটি দেশই নিজের পছন্দ অনুযায়ী নীতি ঠিক করে। অন্যদের সেই মতো বোঝাপড়া করতে হয়। সেইভাবে এগোতে হয়।’

এ সময় তিনি বাংলাদেশের প্রসঙ্গ তুলে বলেন, ‘অন্যদের থেকে বাংলাদেশের বিষয়টি একটু আলাদা। এক দশক ধরে আমরা ওই দেশে বহু প্রকল্প হাতে নিয়েছি। সেসব প্রকল্প দুই দেশের পক্ষেই মঙ্গলজনক ও ফলদায়ী। তাতে অর্থনীতি চাঙা হয়েছে। অবকাঠামোরও উন্নতি হয়েছে।’

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিটি দেশের নিজের একটা গতি থাকে। পছন্দ থাকে, প্রয়োজন থাকে। নিজস্ব ‘ডায়নামিকস’ থাকে। কূটনীতিতে তা বুঝতে ও শিখতে হয় এবং সেই মতো সাড়া দিতে হয়।

তিনি বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, দিনের শেষে পারস্পরিক নির্ভরতা, একে অন্যের সঙ্গে হাত ধরাধরি করে থাকা, পারস্পরিক উপকারের বাস্তবিকতা আমরা প্রতিবেশীরা সবাই উপলব্ধি করতে পারব। এতেই সবার স্বার্থ নিহিত। বাস্তবিকতাই সম্পর্কের গতি প্রকৃতি ঠিক করে দেয়। ইতিহাসের শিক্ষা তেমনই।’

জয়শঙ্কর আরও বলেন, ‘কয়েক বছর অন্তর আমাদের এই অঞ্চলে কিছু না কিছু ঘটে থাকে। তখন মনে হয় যা-ই ঘটছে, তা অলঙ্ঘনীয়। অথচ দেখা যায়, পরিবর্তন এলো। শোধরানোর পালা শুরু হলো। নতুন কিছু ঘটল। এই আলোতেই আমি বর্তমান ঘটনাবলি দেখি। আমি দৃঢ় নিশ্চিত, দুই ক্ষেত্রেই (বাংলাদেশ ও শ্রীলংকা) আমাদের সম্পর্ক এগিয়ে যাবে ইতিবাচক ও গঠনমূলকভাবে।’

শ্রীলংকার প্রসঙ্গে তিনি বলেন, দেশটিতে তীব্র অর্থনৈতিক সংকটের সময় কেউ যখন এগোয়নি, তখন ভারত এগিয়ে গিয়েছিল।তাদের অর্থনীতি স্থিতিশীল করতে সাড়ে ৪ বিলিয়ন ডলার সাহায্য করেছিল ভারত। বাকিটা তাদের ওপর।

তিনি বলেন, ‘আমরা কিন্তু তাদের ওপর কোনো রাজনৈতিক শর্ত চাপাইনি। সুপ্রতিবেশী হিসেবে করেছিলাম। আমরা চাইনি আমাদের কোনো প্রতিবেশী দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাক।’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930