ব্রেকিং নিউজঃ

রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে শনিবার বসবেন প্রধান উপদেষ্টা

আগামীকাল শনিবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ওই দিন বেলা ৩টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় শুরু হবে এ মতবিনিময় সভা।

চলবে রাত ৮টা পর্যন্ত। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর যেসব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন, এবারও তাদের সঙ্গে মতবিনিময় করা হবে।

৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পর বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ড. মুহাম্মদ ইউনূস।

সেখানে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হলেও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার বা তাদের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের কাউকে দেখা যায়নি।

কয়েক দিন ধরে বিএনপিসহ সমমনা কিছু দলের নেতারা পরবর্তী নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার রোডম্যাপ জানতে চেয়ে বক্তব্য দিয়ে আসছেন।

নির্বাচন নিয়ে গত রোববার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদের ছেড়ে দেবেন।

আমরা ছাত্রদের আহ্বানে এসেছি। তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা।

দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব, যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয়—আমরা কখন যাব। তারা যখন বলবে, আমরা চলে যাব।

বুধবার এক সংবাদ সম্মেলনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত সংলাপে বসা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930