ব্রেকিং নিউজঃ

‘রাজনৈতিক দল খোলার কথা বলা হয়নি, রয়টার্সে আমার বক্তব্য ভুলভাবে এসেছে’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা নতুন একটি রাজনৈতিক দল গঠন করবেন। এ ব্যাপারে আগামী এক মাসের মধ্যেই জানা যাবে।

এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক গঠিত লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মাহফুজ আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, রাজনৈতিক দল গঠনের কথা বলা হয়নি।

রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান দুই রাজনৈতিক দলের বাইরে গিয়ে নতুন দল গঠনের চিন্তাভাবনা করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

মূলত দেশের সব জায়গায় সংস্কার আনতে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা। সবকিছু ঠিক থাকলে আগামী এক মাসের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে।

প্রায় ৩০ জনের সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছে রয়টার্স। এর মধ্যে শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতাসহ বিশ্লেষক রয়েছেন।

রয়টার্সের এই প্রতিবেদনে ভুল রয়েছে দাবি করে মাহফুজ ওই পোস্টে আরও লিখেছেন, ‘রয়টার্সে দেওয়া আমার বক্তব্য ভুলভাবে এসেছে।

আর সে ভুল বক্তব্যের বাজে বা উদ্দেশ্যমূলক অনুবাদ বাংলাদেশি মিডিয়া প্রচার করেছে।

রয়টার্সে আমার বক্তব্য ছিল, আমরা রাজনৈতিক সংগঠন নিয়ে এখনই ভাবছি না। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নূতন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আমরা কাজ করছি।

গণ-অভ্যুত্থানের চেতনা ধরে রাখা এবং সরকারকে সংহত করা আমাদের প্রাথমিক লক্ষ্য। রাষ্ট্র ও সমাজের নানা অংশীজনের সাথে কথা বলে আমরা আগামী বাংলাদেশের রূপরেখা নিয়ে ও কাজ করব।

এ কাজে অন্তত এক মাস লাগবে। আর, রয়টার্স ও লিখেছে এক মাস পর নির্ধারিত হবে আমরা দল করব কি করব না!

তবে, রয়টার্স একটি ভুল করেছে, নাগরিকদের বদলে তারা ‘ভোটার’ শব্দটি ব্যবহার করেছে। অথচ, নির্বাচনী রাজনীতি নিয়ে আমাদের খুব কমই কথা হয়েছে। কৃষ্ণ কৌশিককে আমি লিখেছি, উনি হয়ত এটা এডিট করে দিবেন।

রয়টার্সের সাংবাদিক বারবার জিজ্ঞাসা করসিলেন, দ্বিদলীয়কাঠামো নিয়ে এবং তা উতরে যেতে রাজনৈতিক দল করব কিনা। আমি বলেছি, আমরা দল বা ব্যক্তি নয়, ব্যবস্থার সংস্কার চাচ্ছি।

যাতে যে দলই আসুক তাকে জনগণের প্রতি দায়বদ্ধ হতে হয়। কিন্তু, এমনভাবে বলা হল যেন আমি মাইনাস টু চাচ্ছি। যেটা আমার উদ্দেশ্য না অবশ্যই।

আমাদের এখনকার লক্ষ্য, রাজনৈতিক লড়াইকে সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে গঠনমূলক কাজের দিকে চালিত করা। উপযুক্ত সময়ে রাজনৈতিক গঠন/গড়ন কেমন হবে, তা সবাই জানতে পারবেন।’

প্রসঙ্গত, অন্তর্বর্তীকালীন সরকারকে পরামর্শদান এবং সরকার, অংশীজন ও ছাত্রজনতার সঙ্গে সমন্বয় করার লক্ষ্যে ছয় সদস্যের একটি লিয়াজোঁ কমিটি ঘোষণা করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930