ভারত থেকে ফিরলেন আরো ২২১ বাংলাদেশি
করোনাভাইরাসের কারণে ভারতে আটকে পড়া বাংলাদেশিদের দুটি পৃথক চাটার্ড ফ্লাইটে ফেরত আনলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার (৩ মে) দুই ফ্লাইটে ২২১ জনকে দেশে ফেরানো হয়েছে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।
তিনি বলেন, বিকেল ৩টা ৪০ মিনিটে কলকাতা থেকে ৫৯ জন যাত্রী নিয়ে বিমানের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে মুম্বাই থেকে বিমানের একটি চাটার্ড ফ্লাইট ১৬২ জন যাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দর সূত্র জানায়, ভারত থেকে আসা সব যাত্রী হেলথ সার্টিফিকেট নিয়ে এসেছেন। তাদের হোম কোয়ারেন্টাইন পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে শনিবার (২ মে) দিল্লি থেকে ১৫১ ও শুক্রবার (১ মে) কলকাতা থেকে ৭৩ জন বাংলাদেশিকে চাটার্ড ফ্লাইটে দেশে ফেরায় রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থাটি।
