ব্রেকিং নিউজঃ

কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নিয়োগে চার সদস্যের সার্চ কমিটি গঠন

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নিয়োগের লক্ষ্যে চার সদস্যের একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে।

সাবেক কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরীকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ কমিটি গঠন করেছে।

কমিটির অন্য সদস্যরা হলেন-বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মুস্তাফা কামাল মুজেরী, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য নজরুল হুদা ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব বদরে মুনির ফেরদৌস।

এই কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বদরে মুনির ফেরদৌস।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৯৭২ সালের বাংলাদেশ ব্যাংক আদেশ অনুযায়ী ডেপুটি গভর্নর পদে উপযুক্ত প্রার্থী বাছাইয়ের জন্য ২০১৬ সালের মার্চে যে সার্চ কমিটি গঠন করা হয়েছিল, তা পুনর্গঠন করে নতুন সার্চ কমিটি গঠন করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকে চারজন ডেপুটি গভর্নর রয়েছেন। তবে গত ৭ আগস্ট ব্যাংকের কিছু কর্মকর্তা–কর্মচারী গভর্নর, ডেপুটি গভর্নর, উপদেষ্টা ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধানের পদত্যাগ দাবি করে বিক্ষোভ করেন।

তাদের মধ্যে পদত্যাগের বিষয়ে ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমানের কাছ থেকে সাদা কাগজে সই নেওয়া হয়।

এরপর গভর্নর আব্দুর রউফ তালুকদার সরকারের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন। ফলে কেন্দ্রীয় ব্যাংক কার্যত নেতৃত্বশূন্য হয়ে পড়ে।

আর্থিক খাতের বিশেষজ্ঞরা বলছেন, যত দ্রুত সম্ভব কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।

নতুন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দ্রুত গভর্নর নিয়োগ করা হবে।

রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে এক মতবিনিময় সভার পর অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, গভর্নর নিয়োগের বিষয়ে তিনি চিন্তিত। শিগগিরই গভর্নর নিয়োগ দেওয়া হবে।

জানা গেছে, গভর্নর নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের কাছ থেকে।

আর ডেপুটি গভর্নর নিয়োগ হবে সার্চ কমিটির মাধ্যমে, যাদের নাম সুপারিশ করা হবে তাদের মধ্য থেকে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031