ব্রেকিং নিউজঃ

জঙ্গিবাদের মাধ্যমে দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র হয়েছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, জঙ্গিবাদের নামে চক্রান্ত ও ষড়যন্ত্র করে পৃথিবীর অনেক দেশকে ধ্বংস করা হয়েছে। বাংলাদেশকেও ষড়যন্ত্র করে জঙ্গিবাদের মাধ্যমে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল। হলি আর্টিজান ও শোলাকিয়ায় জঙ্গি হামলা হয়েছিল। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জীবন দিয়ে সে হামলা প্রতিরোধ করেছে। এ সময় দেশকে জঙ্গিরাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করা হয়েছিল।

তিনি আরো বলেন, জঙ্গিবাদের কারণে আমরা একসময় চরম সংকটে ছিলাম। সেই সংকটময় সময়ে মাওলানা ফরিদ উদ্দীন মাসউদের নেতৃত্বে আলেম-ওলামারা ফতোয়া দিলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামে জঙ্গিবাদের কোন স্থান নেই। বিনা কারণে মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না। সারা পৃথিবীর আলেম-ওলামারা জঙ্গিবাদের বিরুদ্ধে এগিয়ে এসেছিলেন।

যে কারণে আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় জঙ্গিবাদ দমন করতে পেরেছিলাম। তবে এখনও ষড়যন্ত্র চলছে। প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে দেশের আলেম-ওলামাসহ বিভিন্ন শ্রেণির মানুষ এগিয়ে আসায় জঙ্গি নির্মূলে সফল হয়েছি। তবে এখনো ষড়যন্ত্র চলছে। জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক নির্মূলে এগিয়ে আসার জন্যে সকলের প্রতি তিনি আহবান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী আজ রবিবার দুপুরে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ইছাপশর বেলংকা গ্রামের জামিয়াতুল ইসলাহ আল-মাদানিয়া মাদ্রাসা ময়দানে তিন দিনব্যাপী ইসলাহী ইজতিমার শেষ দিন আখেরি মোনাজাতের আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আখেরি মোনাজাত পরিচালনা করেন ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ইমাম ও খতিব প্রখ্যাত আলেম মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ।

মোনাজাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ দেশের স্বাধীনতা সংগ্রামে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সম্মৃদ্ধি কামনা করা হয়।

এ সময় ময়মনসিংহ-৯ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন, জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) প্রমুখ উপস্থিত ছিলেন। ইজতিমায় দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031